ফেসবুকে পোস্ট দেখে ভেঙে পড়া কালভার্ট সংস্কার
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন আড়ং বাজার ও পৌরসভাধীন কংগাইশ সড়কের কালভার্টটি ভেঙে পড়ে চরম দুর্ভোগের শিকার হয়েছেন কয়েক শতাধিক মানুষ। ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক মাধ্যমে নয়, বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেখতে পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
তিনি কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন। এসময় সাথে ছিলেন উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান। এরপর প্রায় সাড়ে তিন লাখ টাকা ব্যয়ে ৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের এই কালভার্টটি সংস্কারের কাজ সম্পন্ন করা হয়। যা কয়েকদিনের মধ্যেই চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে উপজেলা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা গেছে।
ওই সময়ে সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, পৌরসভাধীন কংগাইশ ও হাটিলা পূর্ব হাড়িয়াইন সড়কের আড়ং বাজার যাওয়ার পথের কালভার্টটি হঠাৎ করে ভেঙে পড়ে। এতে মানুষ ও যান চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগের পড়েন স্থানীয় ও এলাকার মানুষ। পরে ভাঙা কালভার্টের উপর গাছের গুঁড়ি ফেলে পথচারীরা কোনমতে ঝুঁকি নিয়ে যাতায়াত করতেন।
বিশেষ করে শিশু-কিশোরসহ স্কুলগামী শিক্ষার্থী ও সন্ধ্যার পরে অপরিচিত লোকজন ওই রাস্তা দিয়ে চলাচলের সময় প্রায় দুর্ঘটনার শিকার হতেন। বিষয়টি কেউ একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। যা উপজেলা নির্বাহী কর্মকর্তার নজরে আসলে, তিনি তাৎক্ষনিক কালভার্টটি সংস্কারের উদ্যোগ নেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ লাখ ৪১ হাজার ২শ’ টাকা ব্যয়ে ৫ মিটার দৈর্ঘ্য ও ৩ মিটার প্রস্থের কালভার্টটি সংস্কার করা হয়েছে। আগামি কিছু দিনের মধ্যে উন্মুক্ত করে দেওয়া হবে।
এদিকে ভাঙা কালভার্টটির দ্রুত সংস্কার করায় স্থানীয় ও এলাকাবাসীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই এলাকার বাসিন্দা ও সংবাদ মাধ্যমে কর্মরত সাইফুল ইসলাম সিফাত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বলেন, জনদুর্ভোগের কথা বিবেচনা করে ভাঙা কালভার্টটি দ্রুত সংস্কার করা হয়েছে। এসময় তিনি উপজেলা প্রকৌশলীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
০২ ফেব্রুয়ারি, ২০২৩।
