এস এম সোহেল
চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার মিতু সরকার ইজিবাইকে করে নিকটাত্মীয়ের বিয়েতে যাওয়ার পথে ৩ ভরি ওজনের সোনার গহনা ফেলে রেখে চলে যান। পরে তিনি চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন। জিডির পরিপেক্ষিতে চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন সিসি টিভির ফুটেজ ও পর্যালোচনার মাধ্যমে মাত্র ২ দিনের মধ্যে স্বর্ণগুলো উদ্ধার করতে সক্ষম হয়।
গত সোমবার সকালে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ স্বর্ণের মালিক মিতু সরকারের কাছে হস্তান্তর করেন। তিনি গহনা পেয়ে আনন্দে কেঁদে ফেলেন।
জানা যায়, চাঁদপুর শহরের পুরাণবাজার এলাকার মিতু সরকার ইজিবাইকে করে আত্মীয়ের বিয়ের বাড়িতে যাচ্ছিলেন। তার সাথে লেডিস ব্যাগ এবং ব্যাগের ভিতরে ছিল সারাজীবনের গচ্ছিত তিন ভরি ওজনের সোনার গহনা। ব্যাগটি ইজিবাইকের সিটে ভুলবশত রেখে নেমে গেলেন গন্তব্যে। কিছুদূর যাওয়ার পর বুঝতে পারলেন তার গহনার ব্যাগটি সাথে নেই। সাথে সাথে দৌঁড়ে আসেন আগের স্থানে ইজিবাইকটির খোঁজে। কিন্তু সেই ইজিবাইকটি সেখানে নেই। এদিক ওদিক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়ে গত ২৫ জানুয়ারি চাঁদপুর সদর মডেল থানায় একটি জিডি করেন।
চাঁদপুর সদর মডেল থানার এসআই শাহরিন হোসেন জানান, জিডি প্রাপ্ত হয়ে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসির আরাফাতের সার্বিক দিকনির্দেশনায় এবং চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদের তত্ত্বাবধানে এএসআই তসলিমসহ অভিযান পরিচালনা করি। চাঁদপুরের সব অটো স্ট্যান্ড থেকে তথ্য সংগ্রহ, অলিগলির সিসি টিভি ফুটেজ পর্যালোচনায় ইজিবাইকটি শনাক্ত করতে সক্ষম হই। সফল অভিযান শেষে হারানো স্বর্ণ শহরের পুরাণবাজার থেকে উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, চলাফেরার ক্ষেত্রে সবাইকে সচেতনতা অবলম্বন করতে হবে। সিসিটিভি ফুটেজ ও পর্যালোচনার মাধ্যমে স্বর্ণগুলো উদ্ধার করে প্রকৃত মালিককে হস্তান্তর করা হয়েছে।
০২ ফেব্রুয়ারি, ২০২৩।
