মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জব্দকৃত ২০টি (১৩ কেজি) মা ইলিশ মাছ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তিকৃত রোগীদের জন্য পাঠিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার ভোরে পৌরসভাধীন এনায়েতপুর এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকলীন সময়ে যানবাহন তল্লাশিকালে মা ইলিশসহ মোহাম্মদ হোসেন নামের এক যুবককে আটক করে পুলিশ।
পরে আটক যুবককে নগদ ৫ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ইলিশ মাছগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের জন্য প্রদানের নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় দোষ স্বীকার করে জরিমানা টাকা পরিশোধ এবং নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ ক্রয়-বিক্রয় না করার অঙ্গীকার ব্যক্ত করেন আটক মোহাম্মদ হোসেন। সে চাঁদপুর সদর উপজেলার কমলাপুর গ্রামের আবুল বাসারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্য গত ৯ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় করা নিষিদ্ধ করেছে সরকার। এ নিষিদ্ধ সময়ে মাছ পরিবহণ করার অপরাধে শনিবার ভোরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে ১৩ কেজি মা ইলিশসহ একজনকে আটক করে পুলিশ। পরে জব্দকৃত ইলিশ মাছগুলো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের জন্য দেয়া হয় এবং মাছ বহনকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল ইসলাম চৌধুরী বলেন, নিষিদ্ধ সময়ে মা ইলিশ পরিবহনের দায়ে একজনকে নগদ ৫ হাজার টাকা জরিমানা এবং ওই এলাকায় এতিমখানা না থাকায় জব্দকৃত মাছগুলো ভর্তিকৃত আবাসিক রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিতরণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহমুদ মোস্তফা, থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন, সাধন চন্দ্র নাথ, সঞ্জয় সাহা ও উপ-সহকারী পরিদর্শক রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
