দরজা বন্ধ করে ভাই ভাই ক্লাবে হচ্ছেটা কি?

স্টাফ রিপোর্টার
মূল দরজা বন্ধ করে রাতে মোমবাতির আলোতে ভাই ভাই ক্লাবে হচ্ছেটা কি? এ বিষয়ে পুরাণবাজারবাসী ক্লাব কর্তৃপক্ষের কাছে জানতে চায়। গত কিছুদিন যাবৎ পুরাণ বাজার ভাই ভাই ক্লাবের মূল দরজা বন্ধ করে চলছে রমরমা জুয়ার আসর।
সম্প্রতি ক্যাসিনো, জুয়া, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। এরপরই দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেয়া শুরু করে। চাঁদপুরে আইন-শৃঙ্খলা বাহিনী ভাই ভাই ক্লাবসহ বিভিন্ন ক্লাবে অভিযানের ফলে কিছুদিন জুয়া বন্ধ থাকে। আইন-শৃঙ্খলা বাহিনী যখন মা ইলিশ রক্ষায় ব্যস্ত সময় পাড় করছে। এ সুযোগের সদ্ব্যবহার করে ভাই ভাই ক্লাব পুনরায় শুরু করে জুয়ার আসর।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরাণ বাজার মধুসূধন উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে উঠা ভাই ভাই স্পোর্টিং ক্লাবের মূল ফটকের দরজা বন্ধ। ক্লাবের পেছন দিয়ে (মাঠে দিয়ে) রয়েছে আরেকটি দরজা। সেখান দিয়ে চলছে লোকজনের আসা-যাওয়া। ভেতরের সব লাইট বন্ধ করে মোমবাতির আলো দিয়ে চলছে জুয়ার আসর। রাতভর চলে এ জুয়ার আসর। আশপাশের লোকজন জানান, ক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদলের নেতৃত্বে চলে এ জুয়ার আসর। এ বিষয়ে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির দেখেও যেন না দেখার ভান করছে।
এ বিষয়ে পুরাণবাজারের সচেতন মহল মনে করেন, পুরাণবাজার ভাই ভাই ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান বাদল এক সময় বিএনপির রাজনীতি করতেন। বর্তমানে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সমন্বয়ে কমিটি তৈরি করে মিজানুর রহমান খান বাদল তার সব অপকর্ম ঢেকে রাখছেন। তার বিরুদ্ধে নানা অভিযোগের তদন্ত চায় সচেতন মহল।