হাজীগঞ্জে ইয়াবাসহ কাউন্সিলর ভুট্টো আটক


মোহাম্মদ হাবীব উল্যাহ্
আবারো ইয়াবাসহ হাজীগঞ্জ পৌরসভার কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো (৪৮) কে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে পৌরসভাধীন রান্ধুনীমুড়া গ্রামের জাফর মিয়ার বাড়ীর সামনে থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে হাতে-নাতে আটক করা হয়। গতকাল বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগেও কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টো কয়েকবার ইয়াবা ও ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছিল। সে পৌরসভাধীন ১০নং ওয়ার্ড রান্ধুনীমূড়া গ্রামের বেপারী বাড়ীর আবু তাহের মাস্টারের ছেলে। তিনি ১০নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও পৌর যুবদলের সাবেক সভাপতি ছিলেন।
থানা সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন কাউন্সিলর খোরশেদ আলম ভুট্টোকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। এর আগে ও ভূট্টো ও তার ছোট ভাই সোহেলকে ১০০ পিস ইয়াবাসহ ২০১৮ সালের ২১ জুন হাতে-নাতে আটক করে রামগঞ্জ থানা পুলিশ।
এরপর গত বছরের ১৪ সেপ্টেম্বর ভুট্টোকে ৪ পিস ইয়াবা ও তার সহযোগী আরমান হোসেন শান্তকে ৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতে-নাতে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। এর আগেও তাকে ফেন্সিডিল ও ইয়াবাসহ কয়েকবার আটক করে পুলিশ।
থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, আটক কাউন্সিলর খোরশেদ আলমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।