ভালো জাতি গঠনে একজন পরিপূর্ণ মা প্রয়োজন
……..কাজী আ.খ.ম মহিউল ইসলাম

মোহাম্মদ হাবীব উল্যাহ্
দেশের মধ্যে এই প্রথম হাজীগঞ্জে উদ্ভাবনী কার্যক্রম ‘নাইওর’ এর উদ্বোধন করেছেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক কাজী আ.খ.ম মহিউল ইসলাম। পরিবার পরিকল্পনা বিভাগের বাস্তবায়নে গতকাল শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এই ‘নাইওর’ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলার নির্দিষ্ট এলাকার পরিবারের কন্যা সন্তান ও তার স্বামীসহ পিতৃ এলাকার দাওয়াতে অংশ গ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, পারিবারিক মূল্যবোধ, ছোট পরিবার গঠন, বাল্য বিবাহ প্রতিরোধ, কিশোরী মাতৃত্বের হার কমানো, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নরমাল ডেলিভারি কার্যক্রম জোরদারকরণে নাইওরদেরকে দূত হিসেবে কাজে লাগানোর প্রয়াসে ‘নাইওর’ নামের এই উদ্ভাবনী কার্যক্রমের সমাবেশ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কাজী আ.খ.ম. মহিউল ইসলাম বলেন, ভালো মা না পেলে, ভালো জাতি গঠন সম্ভব নয়। তাই ভালো জাতি গঠনে একজন পরিপূর্ণ মা প্রয়োজন। যে মা হবেন, সুস্বাস্থ্য ও সু-শিক্ষার অধিকারী। আর মা ও শিশুর সব ধরনের সেবা নিশ্চিতকরণে কাজ করছে সরকার। এ ক্ষেত্রে আমাদের যার যার অবস্থান থেকে সার্বিক সহযোগিতা করতে হবে। আমাদের মা, স্ত্রী ও মেয়েকে গুরুত্ব দিতে হবে এবং তাদেরকে যথাযথ মূল্যায়ন করতে হবে।
তিনি বলেন, পরিবারের যে কোন কাজে স্বামী-স্ত্রী বসে এবং যৌথ মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। কারন, পরিবার থেকে মানুষের জন্ম এবং পরিবারিক বন্ধনেই বেড়ে ওঠা, শিক্ষা, সামাজিকতা, সব শেষে মৃত্যু। তাই পারিবারিক বন্ধন ভালো হলে, ওই পরিবারের সন্তানের ভবিষ্যৎ ভালো হয়। আর সন্তানের ভবিষ্যৎ ভালো হলে পরিবার, সমাজ তথা দেশের আর্থ-সামাজিক অবস্থানের উন্নতি ও সমৃদ্ধ হয়।
চাঁদপুরকে বিশেষ গুরুত্ব দেয়া হবে উল্লেখ করে কাজী আ.খ.ম. মহিউল ইসলাম বলেন, ‘নাইওর’ একটি ইনোভেশন কার্যক্রম। যা চাঁদপুরের মধ্য দিয়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। সুতরাং চাঁদপুরকে বিশেষ গুরুত্ব দেয়া হবে। এই কার্যক্রমের মাধ্যমে নারীর সু-স্বাস্থ্য ও সু-শিক্ষা নিশ্চিতকরণে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমরা চাই, আমাদের মায়ের সন্তানেরা আমাদেরকে ছাড়িয়ে যাবে। সে লক্ষে মা ও সন্তানের বিশেষ যন্ত নিতে হবে।
চাঁদপুরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত নাইওর সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের পরিচালক ও যুগ্ম-সচিব ড. আশরাফুন্নেছা, জেলা সিভিল সার্জন ডা. সাখাওয়াত হোসেন, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. মো. ইলিয়াছ, হাজীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, ইউএনএফপিজি কর্মকর্তা ডা.মো.সাইদ হাসান, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন ও সদর ইউপি চেয়ারম্যান আলহাজ সফিকুল ইসলাম মীর প্রমুখ।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কাজী আ. খ. ম. মহিউল ইসলাম’সহ অন্যান অতিথিবৃন্দ। দ্বিতীয় পর্বে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সদর ইউনিয়নের ২৫ জন নাইওর ও তাদের স্বামীদের (স্বামী-স্ত্রী) মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর আইইএম ইউনিটের সহযোগিতা আয়োজিত অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত পরিবার পরিকল্পনা কর্মকর্তা, আবাসিক মেডিকেল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারী, অতিথিবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
