হাজীগঞ্জে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৪ জন করোনা আক্রান্ত

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলিসহ নতুন করে ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে আবুল কাশেম (৫০) নামের একজন মৃত ব্যক্তির করোনা পজেটিভ আসে। গত রোববার তিনি করোনা উপসর্গে মারা যান।
বৃহস্পতিবার (৪ জুন) প্রকাশিত রিপোর্টে ছাত্রলীগ সভাপতিসহ অপর তিনজনের করোনা পজেটিভের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী।
নতুন করে আক্রান্ত ৪ জনের মধ্যে একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন, ১ জন পৌরসভাধীন টোরাগড় ও ১ জন মকিমাবাদ এলাকায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছেন। অপরজন মৃত আবুল কাশেম।
হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলায় এ পর্যন্ত ১৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন মারা গেছেন, সুস্থ হয়েছেন ৩ জন। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ২ জন এবং ১২ জন হোম কোয়ারেন্টাইনে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকন বলি জানান, বাসায় হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছি। ইনশাআল্লাহ, গত ৩/৪ দিনের তুলনায় এখন কিছুটা সুস্থ আছি। তিনি তার সুস্থতায় সবার কাছে দোয়া কামনা করেন।
উল্লেখ্য, চলতি বছর করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে উপজেলায় ধান কাটার শ্রমিক সংকট দেখা দিলে এবায়েদুর রহমান খোকন বলির নির্দেশনায় এবং তার নেতৃত্বে উপজেলা ও সব ইউনিয়নের ছাত্রলীগ নেতৃবৃন্দ ধান কেটে শতাধিক কৃষকের ঘরে পৌঁছে দেন। এতে করে ব্যাপকভাবে প্রশংসিত হয় ছাত্রলীগ।

৪ জুন, ২০২০।