মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা উপসর্গে মারা গেলেন মো. রফিকুল ইসলাম (৫০) নামের এক সম্মুখ করোনা যোদ্ধা। তিনি উপজেলায় করোনা উপসর্গে নিহত বা আক্রান্ত ব্যক্তিদের দাফন/সৎকার কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। রোববার (৩১ মে) বাদ আছর জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিন দুপুরে মো. রফিকুল ইসলাম নিজ বাড়িতে মারা যান।
মৃত রফিকুল ইসলাম হাজীগঞ্জ পৌরসভাধীন খাটরা-বিলওয়াই এলাকার তফাদার বাড়ির মৃত গফুর মাস্টারের ছেলে। তিনি মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা নায়েবে ছদর এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ২নং ওয়ার্ড কমিশনার পদে হিসেবে দায়িত্বরত ছিলেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম কয়েকদিন ধরে সর্দি-জ্বরে ভুগছিলেন। গত ২৮ মে থেকে তিনি সুস্থ ছিলেন। রোববার তিনি আবারো অসুস্থতাবোধ করলে নিজেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নীরিক্ষা দিলে তিনি হাজীগঞ্জ বাজারের একটি ক্লিনিকে পরীক্ষাগুলো করেন।
এরপর পরীক্ষাগুলোর রিপোর্ট আসতে দেরি হওয়ায় ক্লিনিক কর্তৃপক্ষকে বিকেলে রিপোর্ট নিবেন জানিয়ে রফিকুল ইসলাম বাড়িতে চলে যান। বাড়িতে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই তিনি মারা যান। এদিকে তার মৃত্যুতে পরিবার, ব্যবসায়ী ও ইসলামী আন্দোলন নেতৃবৃন্দের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
দ্বীনি সংগঠন বাংলাদেশ মুজাহিদ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম সর্দার জানান, মরহুম রফিকুল ইসলামী করোনা সম্মুখযোদ্ধা হিসেবে করোনা আক্রান্ত বা উপসর্গে নিহতদের দাফন-কাফন কমিটির একজন সক্রিয় সদস্য ছিলেন। ব্যক্তিজীবনে তিনি ভদ্র, সৎ, মিতব্যয়ী এবং একজন সফল ব্যবসায়ী ছিলেন।
৩১ মে, ২০২০।
