হাজীগঞ্জে এক রাতে ৯ স্থানে চুরি


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে এক রাতে পৃথক-পৃথক নয়টি স্থানে চুরির খবর পাওয়া গেছে। চোরেরা নগদ দেড় লাখ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। গত সোমবার দিবাগত রাতে উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ চুরির ঘটনাগুলো ঘটে।
জানা গেছে, মোহাম্মদপুর গ্রামের ফারুকের দোকান, ফারুক ফরাজীর দোকান, টেকের বাজারে আরিফ শিং ও আক্তার হোসেন সর্দারের দোকান, সাহেব বাড়ির খোকনের দোকান, তাজু মোল্লা, হাসান মোল্লার দোকান এবং মোরশেদের দোকানে চুরির ঘটনা ঘটে। এছাড়াও পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের রব মিয়ার একটি অটোরিকশাও চুরির খবর পাওয়া গেছে।
স্থানীয়দের ধারণা, মাদকসেবীরা এসব চুরির সাথে জড়িত। তারা রাত-বিরাতে মাদক সেবন করে এবং বিভিন্ন এলাকা ঘুরে বেড়ায়। মাদকের টাকা সংগ্রহের জন্যই মাদকসেবীরা এসব চুরি করে থাকে বলে এলাকাবাসী জানান।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবদুর রশিদ বলেন, চুরি ঘটনাগুলোর খবর পেয়েছি। তদন্ত কাজ চলছে। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া মাদকের ও চুরিসহ অন্যান্য সামাজিক অপরাধের পুলিশের অভিযান অব্যাহত আছে বলে তিনি জানান।