মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনা উপসর্গ নিয়ে রেখা বেগম (২৫) নামে এক গৃহবধূ মারা গেছে। সোমবার (৪ মে) হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে রেখা মৃত্যবরণ করেন। তিনি উপজেলার সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের বাবুল গাজীর স্ত্রী।
এর আগে মৃত রেখা বেগম ৫ দিন যাবত সর্দি-কাঁশি, জ্বর ও ব্যথায় ভুগছিলেন। এদিন বার-বার বুমি করলে তাকে রামপুরে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যান স্বজনরা। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
হাসপাতালে আনার পর রেখা বেগমের অবস্থার অবনতি হলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু স্বজনরা তাকে কুমিল্লা না নিয়ে হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও তাকে রেফার করেন চিকিৎসকরা।
পরবর্তীতে স্বজনরা আবারো তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে পরীক্ষা-নিরিক্ষা শেষে রেখা বেগমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক এবং করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করা হয়।
নিহত রেখার মা মরিয়ম বেগম বলেন, আমার মেয়ে গত ৫ দিন ধরে অসুস্থ। তবে বমি করেছে, শরীর ব্যাথা ও একটু জ্বর ছিল।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. নাজমুল করিম জানান, মৃত রেখার করোনা উপসর্গ ছিলো। তাই তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসলে নিশ্চিত হওয়া যাবে।
০৪ মে, ২০২০।
