হাজীগঞ্জে কেন্দ্রিয় সমবায় সমিতির নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাজীগঞ্জ ব্যুরো
আসন্ন হাজীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১০জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ১ জন ও সদস্য পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এই দিন বিকালে নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় অফিসার মুহাম্মদ গোলামুর রহমানের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
সভাপতি পদের প্রার্থীরা হলেন- হাজীগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমাবায় সমিতির লিমিটেডের সাবেক সভাপতি ও হযরত মাদ্দাহ খাঁ (রহ.) মাজার ও মসজিদ কমপ্লেক্সের মোতাওয়াল্লী কাজী খায়রুল আলম পারভেজ, বর্তমান সভাপতি মো. আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন কমান্ডার ছিদ্দিকুর রহমান।
সহ-সভাপতি মনোনয়নপত্র দাখিল করেন- আব্দুল খালেক মিয়া, সদস্য পদে ১নং ব্লক থেকে মফি উল্যাহ্, ২নং ব্লক থেকে দুলাল চন্দ্র মজুমদার, ৩নং ব্লক থেকে আব্দুল মান্নান তালুকদার, ৪নং ব্লক থেকে মজিবুর রহমান, ৫নং ব্লক থেকে আলী আশ্রাফ ও ৬নং ব্লক থেকে মো. আলমগীর হোসেন বেপারী। এর আগে এই ১০জন প্রার্থীই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আজ (১৩ জানুয়ারি) মনোনয়নপত্র যাচাই-বাছাই, আগামিকাল ১৪ জানুয়ারি বৈধ ও বাতিলকৃত প্রার্থীদের প্রাথমিক খসড়া তালিকা প্রকাশ, ১৭ ও ১৮ জানুয়ারি বাতিলকৃত প্রার্থীদের যুগ্ম নিবন্ধক, বিভাগীয় সমবায় দপ্তর চট্টগ্রাম বিভাগে আপিল, ১৯, ২০ ও ২১ জানুয়ারি আপিল শুনানী, ২৪ জানুয়ারি চূড়ান্ত বৈধ তালিকা প্রকাশ, ২৬ জানুয়ারি প্রার্থীতা প্রত্যাহার, ২৮ জানুয়ারি প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে।
আগামি ৩১ জানুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ, ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালেট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে এবং ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করবেন নির্বাচন কমিটির সভাপতি। নির্বাচনে মোট ৪২ জন ভোটার (সমবায়ী) তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সভাপতি ছাড়া অন্য সব পদে ১জন করে প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করেছেন। এখন তাদের প্রার্থীতা (মনোনয়নপত্র) বৈধ হলে পরবর্তীতে নির্ধারিত তারিখে তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হবে। আর সভাপতি পদে ৩জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও কোন প্রার্থী প্রত্যাহার না করলে, সভাপতি পদে প্রত্যক্ষ ভোটগ্রহণ করা হবে।
১৩ জানুয়ারি, ২০২১।