হাজীগঞ্জে ক্ষতিগ্রস্ত বাদাম বিক্রেতাকে প্রশাসনের সহায়তা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বাদাম বিক্রেতা রুহুল আমিনের বসতঘর পুড়ে যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করা হয়েছে। বুধবার (২৬ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ১৬ হাজার টাকা ও ২ বান ঢেউটিন ক্ষতিগ্রস্তের স্ত্রী সাহিদা বেগমের হাতে তুলে দেন।
এর আগে সাহিদা বেগমের সাথে মুঠোফোনে কথা বলে, ক্ষতিগ্রস্ত পরিবারকে সমবেদনা জানান এবং সরকারিভাবে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহারাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
জানা গেছে, গত সোমবার সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ গ্রামের মুন্সী বাড়িতে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে বাদাম বিক্রেতা রুহুল আমিনের বসতঘর ও ঘরে থাকা মালামাল আগুনে পুড়ে যায়। এতে তার প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।
এরপর রুহুল আমিনের স্ত্রী সাহিদা বেগম সহযোগিতা চেয়ে একটি লিখিত আবেদন করেন। যার ফলে বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২ বান ঢেউটিন ও ৬ হাজার টাকা এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. জাকির হোসেনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
২৭ আগস্ট, ২০২০।