মোহাম্মদ হাবীব উল্যাহ্
গত ১৩ অক্টোবর রাতে হাজীগঞ্জে দুর্গাপূজা চলাকালীন সময়ে হিন্দু সম্প্রদায়ের লোকজন এবং তাদের সম্পত্তি ও উপাসনালয়ে হামলার তদন্ত কার্যক্রম শুরু করেছেন, চাঁদপুরের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম। হাইকোর্টের রীট পিটিশনের নির্দেশনা মোতাবেক বুধবার (২৪ নভেম্বর) বিকালে তিনি রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন।
জানা গেছে, গত ১৩ অক্টোবরের ঘটনায় তদন্ত চেয়ে ২৮ অক্টোবর হাইকোর্টে একটি রীট পিটিশন (নং- ৮৯৩০/২০২১) দায়ের করেন অনুপ কুমার সাহা নামের এক ব্যক্তি। এই পিটিশনের আলোকে আগামি দুই মাসের মধ্যে বিষয়টির তদন্তপূর্বক নির্দেশনা প্রদান করেন হাইকোর্ট। সেই নির্দেশনা অনুযায়ী বুধবার সরেজমিন পরিদর্শন ও হিন্দু সম্প্রদায়সহ বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ সামছুল ইসলাম।
এ দিন তিনি হাজীগঞ্জ থানা পরিদর্শন শেষে রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কফিল উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মোহাম্মদ ফখরুদ্দিন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পিবিআই পরিদর্শক পুলক বড়ুয়াসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কুমিল্লা শহরের দিঘিরপাড়ের একটি দুর্গাপূজার মণ্ডপে হনুমান মূর্তির কোলে পবিত্র কোরআন শরিফ রাখার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গত ১৩ অক্টোবর রাত আটটার দিকে হাজীগঞ্জে তৌহিদি জনতা একটি মিছিল হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের দিক থেকে হাজীগঞ্জ বাজারে দিকে আসে।
পরবর্তীতে মিছিলটি বাজার হাজীগঞ্জ বাজার দুইবার প্রদক্ষিণ করে পশ্চিম বাজারস্থ রাজা লক্ষ্মী নারায়ন জিউর আখড়ায় অবস্থিত পূজামণ্ডপের সামনে আসলে মিছিল থেকে কে বা কারা পূজামণ্ডপের গেটের দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। এতে ঘটনাস্থলে থাকা পুলিশ প্রতিরোধের চেষ্টা করলে তাদের উপর ইট-পাটকেল ছুড়ে মারে মিছিলকারীরা।
এসময় মিছিলকারীর পুলিশের উপর ক্ষিপ্ত হয়ে হামলা চালালে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয় এবং পুলিশ আত্মরক্ষার্থে গুলি ছুড়ে। এদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ায় এবং পুলিশের গুলিতে ৫ জন নিহত এবং ৪ জন আহত হয়। এছাড়া মিছিলকারীদের ইট-পাটকেলের আঘাতে ১৭ জন পুলিশসহ সাংবাদিক ও পথচারী আহত হয়েছেন। এ ঘটনায় হাজীগঞ্জে ১০টি মামলা দায়ের এবং ঘটনার সাথে সংশ্লিষ্ট শতাধিক আসামিকে আটক করে পুলিশ।
২৫ নভেম্বর, ২০২১।
