হাজীগঞ্জে জনসমাগম করায় ১১ প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১ প্রতিষ্ঠানকে ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে তিনি জনসচেতনতার লক্ষ্যে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে প্রতিদিনের মতো বুধবারও উপেজলার বিভিন্ন হাট-বাজার ও পাড়া-মহল্লায় জনসমাগম নিরুৎসাহিত করার লক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া। এ সময় সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব ও সেলফ হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণ এবং জনসচেতনতার লক্ষ্যে সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা না মানায় হাজীগঞ্জ বাজারের ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ ২০ হাজার ৫শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ সময় প্রতিষ্ঠানের লোকজনসহ সর্বস্তরের জনসাধারণকে ঘরে থাকার জন্য উৎসাহিত করা হয় এবং সরকারি বিধিমালা ও স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও বৈশাখী বড়ুয়া।

১৫ এপ্রিল, ২০২০।