হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে সাবেক এক ইউপি চেয়ারম্যানের সম্পত্তি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ (নং- ৩৫৬) দিয়েছেন উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মো. ইউনুছ মিয়া। গত বুধবার ওই ইউনিয়নের পশ্চিম গন্ধর্ব্যপুর গ্রামের এই ঘটনা ঘটলে পরদিন (৮ এপ্রিল) থানায় অভিযোগ করেন তিনি।
অভিযোগে ওই গ্রামের সাহেব বাড়ির মো. মফিজুল ইসলামের ছেলে ফরহাদুল ইসলাম মিঠু (৩২) ও তাহছান খান তপু (২৩) সহ অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করা হয়। এ ঘটনার জন্য উল্লেখিত বিবাদীদের প্ররোচনার অভিযোগ এনে একই বাড়ির মৃত আব্দুর রহমানের ছেলে মো. মমিনুল ইসলামকে দায়ী করেন অভিযোগের বাদী মো. ইউনুছ মিয়ার পরিবারের সদস্যরা।
অভিযোগে উল্লেখ করা হয়, গন্ধর্ব্যপুর মৌজার এস.এ ৪৭ ও ৪৮নং খতিয়ান ভুক্ত সাবেক ১৬৭৯নং দাগে ১.৪৯ ভূমির অন্দরে প্রায় ৩৫ শতক ভূমি পৈত্রিক সূত্রে মালিক মো. ইউনুছ মিয়া। তিনি উল্লেখিত সম্পত্তি দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছেন এবং তা রক্ষণা-বেক্ষণ করছেন। গত ৭ এপ্রিল বিবাদীরা পেশিশক্তি ব্যবহার করে উল্লেখিত সম্পত্তির উপর গাছপালা কেটে এবং ঘর-দরজা ভাংচুর করে জোরপূর্বক দখলের চেষ্টা করে।
এতে ভুক্তভোগী মো. ইউনুছ মিয়া ও তার পরিবারের সদস্যরা বাঁধা প্রদান করেন। এ সময় বিবাদীরা তাদের উক্ত দাগের ভূমি হতে উচ্ছেদপূর্বক বেদখল, সম্মানহানী, মিথ্যা মামলাসহ হত্যার হুমকি প্রদান করে বলে অভিযোগে উল্লেখ করা হয়। এভাবে প্রতিনিয়ত হুমকি-ধমকি দিচ্ছে বলে জানান মো. ইউনুছ মিয়া। তিনি বলেন, তাদের (বিবাদী) হুমকি-ধমকিতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ বিষয়ে মমিনুল ইসলাম সম্পত্তিগত বিরোধের কথা স্বীকার করে মুঠোফোনে জানান, মো. ইউনুছ মিয়ার সাথে আমাদের পৈত্রিক সম্পত্তিগত বিরোধ থাকলেও তিনি যে অভিযোগ করেছেন- তা মিথ্যা ও বানোয়াট। এ সময় তিনি সরেজমিনে গিয়ে বিস্তারিত জানার জন্য সংবাদকর্মীদের আহ্বান করেন।
অপরদিকে অভিযোগের বিবাদী ফরহাদুল ইসলাম মিঠুর ব্যবহৃত মুঠোফোনে (০১৮৮০-২৫১৭৫৭) কয়েকবার ফোন করা হলেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
অভিযোগের তদন্ত কর্মকর্তা ও হাজীগঞ্জ থানার এএসআই মো. মোজাম্মেল হোসেন বলেন, অভিযোগের আলোকে তদন্ত করা হচ্ছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৮ এপ্রিল, ২০২১।
