মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ট্রেনে (রেললাইনে) নাশকতার প্রস্তুতিকালে আটক মোজাম্মেল হোসেন (৫৫) মানসিক রোগী বলে সংবাদকর্মীদের নিশ্চিত করেছেন আইন-শৃঙ্খলা বাহিনীসহ স্থানীয় জনপ্রতিনিধি। গত শুক্রবার দিবাগত রাতে হাজীগঞ্জ রেলস্টেশন এলাকায় নিরাপত্তা টহলের সময় তাকে আটক করা হয়। তিনি উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি গত ৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।
জেলা আনসার ও ভিডিপির কমান্ড্যান্ট উজ্জ্বল কুমার পাল সংবাদকর্মীদের জানান, মোজাম্মেল হোসেন নামের মধ্য বয়সের লোকটির পকেটে বেশ কিছু পাথর, লাইট, গ্যাস লাইট পাওয়া যায়। সে চাঁদপুর-লাকসাম রেলসড়কের ২৬টি স্থানে রেললাইনের উপরে বড় সাইজের পাথর রেখে পালাচ্ছিলেন। তখন তাকে হাতা-নাতে আটক করা হয়।
তিনি আরও জানান, হাজীগঞ্জ রেললাইন ব্রিজের কাছে রেললাইনের উপরে একটি গাছ ফেলানো অবস্থায় পাওয়া যায়। সেটাও অপসারণ করা হয়েছে। তবে এটা কে ফেলেছে সেটা এখনো জানা যায়নি। তিনি বলেন, আমাদের পক্ষ থকে কঠোর নজরদারি এবং রেলপথের প্রতিটি স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এ ব্যাপারে হাজীগঞ্জ সদর ইউপির চেয়ারম্যান ইউসুফ প্রধানীয়া সুমন সংবাদকর্মীদের জানান, লোকটির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানতে পেরেছি, তিনি মানসিক রোগী এবং শিকলে বাঁধা ছিলেন। তিনি গত তিনদিন ধরে নিখোঁজ ছিলেন। বিষয়টি আমি আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে বলেছি যে মোজাম্মেল মানসিক রোগী ছিলেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ জানান, লোকটি মানসিক রোগী বলে আমরা নিশ্চিত হয়েছি।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ আলম জানান, মোজাম্মেল হোসেন মানসিক রোগী ছিলেন। তার পরিবার চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র নিয়ে এসেছে। তিনি বলেন, যেহেতু রেলের ঘটনা, তাই লোকটির চিকিৎসা সংক্রান্ত কাগজপত্রসহ আদালতে পাঠানো হবে।
২৪ ডিসেম্বর, ২০২৩।
