হাজীগঞ্জে ডেম্যু ট্রেনের ধাক্কায় রিক্সাচালকের মৃত্যু


হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে ডেম্যু ট্রেনের ধাক্কায় ইসামাঈল হাওলাদার (৫৫) নামের একজন রিক্সাচালকের মৃত্যু হয়েছে। গতকার রোববার সকালে চাঁদপুর লাকসাম রেলপথের উপজেলার বাকিলা লেভেল ক্রসিংয়ে (বাকিলা-কামরাঙ্গা সড়কে) এ দুর্ঘটনা ঘটে। নিহত ইসমাইল হোসেন বাকিলা ইউনিয়নের গোঘরা গ্রামের হাওলাদার বাড়ির মৃত রহিম হাওলাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শী বাকিলা লেভেল ক্রসিং সংলগ্ন বিসমিল্লাহ কফি হাউজের স্বত্বাধিকারী আকতার হোসেন জানান, রিক্সায় মালামাল নিয়ে ইসমাঈল হোসেন রেলপথ অতিক্রমকালে চাঁদপুর থেকে লাকসামগামী ডেম্যু ট্রেন রিক্সাকে ধাক্কা দেয়। এতে করে রিক্সাটি দুমড়ে-মুছড়ে যায় এবং রেলপথ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে ইসমাঈল হোসেন মারা যান।
এদিকে রেল পথের বাকিলা লেভেল ক্রসিংয়ে ব্যারেল আছে, কিন্তু লোকবল না থাকায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক অমল কান্তি ধর। তিনি বলেন, এখানে প্রায় সময় ছোট-খাটো দুর্ঘটনা ঘটে থাকে। তাই যত দ্রুত সম্ভব বাকিলা লেভেল ক্রসিংয়ে লোকবল নিয়োগ দেয়ার দাবী জানান তিনি।
চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সরোয়ার আলম বলেন নিহতের মরদেহ উদ্ধার করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।