হাজীগঞ্জে তিনশ’ রোগিকে বিনামূল্যে চিকিৎসা দিলেন ডা. তানভীর

মোহাম্মদ হাবীব উল্যাহ্
মহান ভাষা দিবস উপলক্ষে সব শহীদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র মরহুম মুক্তিযোদ্ধা আলহাজ তাফাজ্জল হায়দার নসু চৌধুরীর আত্মার মাগফেরাত কামনায় হাজীগঞ্জে তিন শতাধিক দরিদ্র, অসহায় ও দুস্থ রোগিকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলেন, স্যার সলিমুল্লাহ্ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভীর হায়দার চৌধুরী।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুর পীর বাদশা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে তিনি অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্পের মাধ্যমে এই চিকিৎসা সেবা দেন। ডা. তানভীর হায়দার চৌধুরী প্রতিবছর মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং তার পিতা ও বড় ভাইয়েরর মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দিয়ে থাকেন।
এছাড়া তার মা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক অতিরিক্ত মহা-পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ডা. বদরুন নাহার চৌধুরী মহান স্বাধীনতা দিবস, বিজয় দিবস এবং তার স্বামী ও বড় ছেলের মৃত্যুবার্ষিকীসহ বিভিন্ন জাতীয় দিবসে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। মায়ের দেখানো পথ ধরে চলছেন ছেলে ডা. তানভীর হায়দার চৌধুরী।
ক্যাম্প সূত্রে জানা গেছে, ডা. তানভীর হায়দার চৌধুরী হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ একুশে হাসপাতাল ও ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় বিনামূল্যে অর্থোপেডিক্স ও ট্রমা ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্পে হাড়জোড়া, হাড়ভাঙ্গা, জয়েন্ট পেইন, বাতব্যাথা, বিকলাঙ্গ রোগ, জন্মগতভাবে হাত-পা বাঁকাসহ অর্থোপেডিক্স ও ট্রমা সংক্রান্তসহ সব রোগিদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়।
এছাড়া ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত রোগি টাকার অভাবে হাড়জোড়া ও হাড়ভাঙা রোগের চিকিৎসা করাতে পারে নাই এবং যারা কবিরাজের কাছে গিয়ে অপ-চিকিৎসায় হাত-পা নষ্ট করেছেন, তাদের স্বল্পমূল্যে ও বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হয়। প্রতিবছর নিয়মিত এই চিকিৎসা সেবা চলমান থাকবে বলে জানান অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডা. তানভীর হায়দার চৌধুরী।

২০ ফেব্রুয়ারি, ২০২২।