জেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আহত ৩/৪ জন সমর্থক
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে জেলা পরিষদ নির্বাচনের ৭নং ওয়ার্ডের ফলাফল ঘোষণার পর টিউবওয়েল প্রতীকের বিজয়ী প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন ও প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজি জসিম উদ্দিনের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার পরিষদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এই ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এই ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩/৪ সমর্থকের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এসময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, সোমবার বেলা আড়াইটার দিকে ফলাফল ঘোষণা করার পর সদস্য পদে বিজয়ী টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন তার সমর্থকদের নিয়ে উপজেলা চত্বর থেকে বের হয়ে উপজেলা গেইটে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) আসেন। তার সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান গাজী মাইনুদ্দিন, ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ ও পৌর যুবলীগের আহ্বায়ক হায়দার পারভেজ সুজনসহ দলীয় নেতৃবৃন্দ।
এদিকে উপজেলা গেটের অপর পাশে প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজি জসিম উদ্দিনের সমর্থকরা দাঁড়ানো ছিলেন। এসময় বিজয়ী প্রার্থীর সমর্থকরা শ্লোগান দিতে থাকলে দুই পক্ষের সমর্থকদের মাঝে তাৎক্ষনিক উত্তেজনা দেখা দেয়। এসময় তাদের শান্ত করার চেষ্টা করেন পৌর যুবলীগের আহবায়ক হায়দার পারভেজ সুজন ও উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শুকুর আলম গাজীসহ নেতৃবৃন্দ।
এর মধ্যে কে বা কারা বিজয়ী প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেনের সমর্থকদের দিকে একটি ইটের টুকরো ছুড়ে মারলে দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ৩/৪জন সমর্থক আহত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দসহ হাজীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ফলাফল ঘোষণার পর সদস্য পদে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তাৎখনিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডে হাজীগঞ্জ উপজেলা থেকে ৩জন প্রার্থী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন ৮৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী হাজী জসিম উদ্দিন ৭৭ ভোট এবং হাতি প্রতীকের প্রার্থী মো. আব্দুর রব মিয়া ১১ ভোট পেয়েছেন।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম’র মাধ্যমে একটানা ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে ১৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
১৮ অক্টোবর, ২০২২।
