হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হল শিশু আরিফা

 

পুকুরের পানিতে ডুবে মৃত্যু

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে আরিফা ইসলাম মরিয়ম নামের দুই বছরের এক শিশু মারা গেছে। গত মঙ্গলবার (৩০ মার্চ) বিকালে উপজেলার বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের তালুকদার বাড়ির পুকুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের মো. ইয়াছিনের মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি বাবা-মায়ের সাথে নানা রতন তালুকদারের বাড়িতে বেড়াতে আসে শিশু আরিফা ইসলাম মরিয়ম। এদিন (মঙ্গলবার) বিকালে সে বাড়ির অন্য শিশুদের সাথে খেলাধুলা করছিলো। বেশ কিছুক্ষণ শিশু মরিয়মকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হয়।
পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে নানার বাড়ির পুকুরে শিশুটিকে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। সেখাতে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে পরীক্ষা-নিরিক্ষা শেষে মৃত ঘোষণা করে। খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ থানা হেফাজতে নিয়ে আসে।
এদিকে নানার বাড়িতে বেড়াতে এসে শিশু মৃত্যুর খবর চারদিকে ছড়িয়ে পড়লে ওই বাড়িতে কয়েক শতাধিক উৎসুক জনতার ভিড় জমে। এ ঘটনায় নিহতের বাবার বাড়ি ও নানার বাড়িসহ ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। এসময় নিহত শিশুর পরিবারের সদস্যদের কান্নায় পরিবেশ ভারী হয়ে উঠে।
শিশু নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতী বলেন, আরিফা ইসলাম মরিয়ম নামক শিশুটিকে হাসপাতালে আমরা মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশু আরিফা ইসলাম মরিয়মের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
০১ এপ্রিল, ২০২১।