হাজীগঞ্জে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল

৫৯৭ জনের মধ্যে বৈধ ৫৯৪ জন

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে ১১টি ইউনিয়নে ৭২জন চেয়ারম্যান, ৮৭ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৩৫ জন সাধারণ সদস্য প্রার্থী মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন স্ব-স্ব রিটার্নিং অফিসার। সোমবার (২৯ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে ঋণ খেলাপীর কারণে এক চেয়ারম্যান ও দুই সদস্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার মো. রেজওয়ানু রহমান।
বাতিলকৃত প্রার্থীরা হলেন- গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এমরান হোসেন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মহিবুল হাসান।
জানা গেছে, বড়কুল পূর্ব, গন্ধর্ব্যপুর উত্তর ও গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা প্রকৌশলী মো. রেজওয়ানুর রহমান তিন ইউনিয়নের ২১ জন চেয়ারম্যান, ২২ জন সংরক্ষিত নারী সদস্য ও ১২৭ জন সদস্য প্রার্থীর মধ্যে ঋণ খেলাপীর কারণে ১ জন ইউপি চেয়ারম্যান ও ২ জন সদস্যের মনোনয়নপত্র বাতিল করেন।
বাতিলকৃতদের মধ্যে গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী গিয়াস উদ্দিন বাচ্চু অন্যের খেলাপী ঋণের জামিনদার, বড়কুল পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এমরান হোসেন ও গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য প্রার্থী মো. মহিবুল হাসানের ঋণ খেলাপী হওয়ায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
অপরদিকে রাজারগাঁও, কালচোঁ উত্তর ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নে ১৯ জন চেয়ারম্যান, ২৬ সংরক্ষিত নারী সদস্য ও ১১৪ জন সদস্য প্রার্থীর মধ্যে সবার মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন, রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান।
হাজীগঞ্জ সদর, হাটিলা পূর্ব ও হাটিলা পশ্চিম ইউনিয়নে ২৩ জন চেয়ারম্যান, ২১ জন সংরক্ষিত নারী সদস্য ও ১২৪ জন সদস্য প্রার্থীর মধ্যে সবার মনোনয়পত্র বৈধ ঘোষণা করেন, রিটার্নিং অফিসার ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা।
এছাড়া বাকিলা ও বড়কুল পশ্চিম ইউনিয়নে ১০ জন চেয়ারম্যান প্রার্থী, ১৮ জন সংরক্ষিত নারী সদস্য ও ৭২ জন সদস্য প্রার্থীদের মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. জুলফিকার আলী।
এর আগে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পর্যন্ত ৫৯৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৭৩ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৮৭ জন ও সাধারণ সদস্য পদে ৪৩৭ জন। উল্লেখ্য, তফসিল ঘোষণা অনুযায়ী আগামি ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর আপিল, ৩-৫ ডিসেম্বর আপিল নিষ্পত্তি, ৬ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহার ও ২৬ ডিসেম্বর ভোটগ্রহণ।

৩০ নভেম্বর, ২০২১।