হাজীগঞ্জে পণ্যের দাম বেশি রাখায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪টি মুদি দোকানে ২৮ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। গতকাল বৃহস্পতিবার দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ অনুযায়ী চারটি প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানগুলো হলো- মজিব স্টোর, পরান স্টোর, ইফরান স্টোর ও অনিক এন্টারপ্রাইজ।
জানা গেছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালীন সময়ে দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করা এবং ভোক্তাদের কাছে বেশি মূল্যে পণ্য বিক্রি করার অপরাধে মজিব স্টোরকে ১০ হাজার, পরান স্টোরকে ১০ হাজার, ইফরান স্টোরকে ৩ হাজার ও অনিক এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।