পরীক্ষা শুরুর আগে ক্যান্সার আক্রান্ত মায়ের মৃত্যু
মোহাম্মদ হাবীব উল্যাহ্
শনিবার (২৭ মে) সকালে মামার মুঠোফোনে মায়ের কাছে দোয়া চেয়ে এসএসসি পরীক্ষা দেওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয় হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম অনিক। তার মামা বললেন, আচ্ছা ঠিক আছে, তোর মাকে বলে দিবো। এ কথা বলে তিনি ফোন রেখে অঝোরে কান্না শুরু করলেন। কারণ, অনিকের মমতাময়ী মা যে বেঁেচ নেই।
এ দিন সকালে পরীক্ষা শুরুর আগে শিক্ষার্থী শফিকুল ইসলাম অনিকের নানার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামে তার ‘মা’ মারা যান। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। এ কথা তাকে জানানো হয়নি। অনিক হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের মোল্লা বাড়ির কামাল হোসেনের ছেলে। গতকাল হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে তার পদার্থ বিজ্ঞান পরীক্ষা ছিল।
জানা গেছে, দীর্ঘদিন ক্যান্সারের আক্রান্ত ছিলেন অনিকের মা আমেনা বেগম। এসএসসি পরীক্ষা শুরুর আগ থেকেই নানার বাড়িতে চিকিৎসাধীন ছিলেন তার মা। তাই প্রতিদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় মামার মুঠোফোনে মায়ের সাথে কথা বলে দোয়া চেয়ে নিতেন। শনিবারও একইভাবে ফোন দিয়ে দোয়া চেয়ে নেয়। কিন্তু আজ তার মায়ের সাথে নয়, মামার সাথে কথা বলা হয়েছে। কারণ, পরীক্ষা শুরুর আগেই তার মা মারা গেছেন।
পরীক্ষা বন্ধ হয়ে যাবে, এমন আশঙ্কায় মায়ের মৃত্যুর সংবাদটি অনিককে জানানো হয়নি। পরীক্ষার পরে কেন্দ্রের বাইরে তার জেঠাতো ভাই রুহুল কুদ্দস ও খালেকুজ্জামান শামীম মায়ের মৃত্যুর খবরটি সরাসরি না জানিয়ে মায়ের অবস্থা বেশি খারাপ বলে জানানো হয়। তারা অনিককে নিয়ে মামার বাড়ি চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুরে যান। আর সেখানে ঘটে হৃদয় বিদারক ঘটনা। অনিকের মায়ের লাশ মামার বাড়ির উঠানে খাটিয়ায় পড়ে আছে।
ইতোমধ্যে মাকে গোসল করিয়ে কাফনের কাপড়ে মুড়িয়ে দেয়া হয়েছে। অনিককে শেষ দেখাটা দেখানোর জন্য মুখটা কাফনে বাঁধা বাকি ছিল। শেষ পর্যন্ত স্কুল ড্রেস পড়েই মামার বাড়িতে মায়ের জানাজায় অংশ নেন অনিক।
এদিকে শফিকুল ইসলাম অনিকের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ ও জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মুরতেজা কামালসহ অনেকে।
২৮ মে, ২০২৩।
