হাজীগঞ্জে পানিতে ডুবে দু’শিশুর মৃত্যু

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পানিতে ডুবে ইভা আক্তার ও আব্দুর রহমান মাহি নামের দুই শিশু মারা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামে শিশু ইভা ও বুধবার বুকালে একই ইউনিয়নের নওহাটা গ্রামে মাহি মারা যায়।
নিহত ইভা আক্তার ওই ইউনিয়নের রামপুর গ্রামের পোদ্দার বাড়ির ইব্রাহীমের মেয়ে। মাত্র আড়াই বছর বয়সে সে ডোবার পানিতে ডুবে মারা যায়। নিহত অপর শিশু মাহি একই ইউনিয়নের নওহাটা গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল কাদেরের ছেলে। তার বয়স হয়েছিলো চার বছর।
জানা গেছে, এদিন সকালে ইভা খেলতে গিয়ে নিখোঁজ হয়। খোঁজা-খুঁজির একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
অপর দিকে গত বুধবার বিকালে খেলতে গিয়ে নিখোঁজ হয় আব্দুর রহমান মাহি। তাকেও খোঁজা-খুঁজির একপর্যায়ে বাড়ির পুকুরে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম সোয়েব আহমেদ চিশতি জানান, হাসপাতালে আনার আগেই ইভা ও মাহির মৃত্যু হয়েছে। পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সচেতনতার কথা উল্লেখ করেন।