হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আরওয়া আক্তার নামের দুই বছরের এক শিশু মারা গেছে। রোববার (৩১ অক্টোবর) সকালে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের পূর্ব কাজিরগাঁও গ্রামের কেয়াম উদ্দিন হাজী বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা যায় শিশুটি। সে ওই বাড়ির মো. আরিফ হোসেনের একমাত্র মেয়ে।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন বেলা সাড়ে ১১টায় দিকে নিজ ঘরেই খেলাধুলা করছিলো শিশু আরওয়া আক্তার। এ সময় তার মা পারিবারিক কাজে ব্যস্ত থাকায় শিশুটি খেলাধূলার এক ফাঁকে ঘর থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে খোঁজা-খুঁজির এক পর্যায়ে শিশুটিকে পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
এরপর কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেয় হাজীগঞ্জ থানা পুলিশ। এ দিন বিকালে জানাযা শেষে শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ দিকে একমাত্র শিশু কন্যা আরওয়াকে হারিয়ে শোকের ছায়া নেমে আসে নিহতের পরিবার, নিকট আত্মীয়-স্বজনসহ ওই বাড়িতে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, শিশু আরওয়াকে হাসপাতালে মৃত অবস্থায় পেয়েছি।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ জানান, কোন অভিযোগ না থাকায় এবং নিহতের পরিবারের লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া শিশুটির মরদেহ হস্তান্তর করা হয়েছে।
০১ নভেম্বর, ২০২১।
