মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে প্রথমবারের মতো একজন ব্যাংক স্টাফ করোনা রোগী হিসেবে সনাক্ত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসন ওই ভবনটি লকডাউন করে দিয়েছে। এ ঘটনা জানাজানি হলে এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ে।
এর আগে চাঁদপুরে সংগৃহীত ৩৯ জনের রিপোর্ট আসে। এর মধ্যে ১ জনের পজিটিভ এবং ৩৮ জনের রিপোর্ট নেগেটিভ আসে। করোনা পজিটিভ ব্যক্তি হাজীগঞ্জ বাজারস্থ শাহজালাল ইসলামী ব্যাংক ভবনের বাসিন্দা।
জানা গেছে, করোনা আক্রান্ত ব্যক্তি শাহজালাল ইসলামী ব্যাংক, ঢাকায় কর্মরত। তিনি গত মার্চ মাসে ঢাকা থেকে হাজীগঞ্জে আসেন। চলতি মাসের ১৭ এপ্রিল তার শ্বশুরের মৃত্যুজনিত কারণে তিনি চট্টগ্রামে যান। জানাযা শেষে গত ১৮ এপ্রিল তিনি তার হাজীগঞ্জের বাসভবনে ফিরে এসে অসুস্থ হয়ে পড়েন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স তার রক্তের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। বুধবার প্রকাশিত ফলাফলে তার করোনা পজিটিভ আসে।
এদিকে শাহজালাল ইসলামী ব্যাংক ভবনে করোনা আক্রান্ত ব্যক্তি ওই ভবন মালিকের ছেলে। ভবনটিতে তারাসহ মোট ৫টি পরিবার বসবাস করে। এছাড়া ব্যাংকের দাড়োয়ানও রয়েছে।
এদিন দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া উপস্থিত হয়ে পুরো ভবনটি লকডাউন করে দেন এবং ভবনে বসবাসকারী লোকজনকে ভবন থেকে বাইরে আসা-যাওয়া না করার নির্দেশনা দেন।
লকডাউনকালে থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) তালুকদার আল মামুনসহ অন্যান্য সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান এবং পৌরসভার পক্ষ থেকে ভবনসহ আশপাশের এলাকায় জীবাণুনাশক স্প্রে করেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, করোনা আক্রান্ত ব্যক্তির অবস্থানকৃত ভবনটি লকডাউন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও টেকনোলজিস্টসহ করোনা পরীক্ষার নির্দেশনা দেয়া হয়েছে।
২৯ এপ্রিল, ২০২০।
