হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে তানিয়া আক্তার (১৯) নামে গলায় ফাঁস দেওয়া এক তরুণীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর গ্রামের মজুমদার বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে হাজীগঞ্জ থানা পুলিশ।
তানিয়া আক্তার ওই বাড়ির প্রবাসী মফিজুল ইসলামের ছোট মেয়ে। এদিন সকাল আনুমানিক ১১টা দিকে নিজ বাড়ির প্রবাসী সফিউল্যাহ’র বসতঘরের জানালার সাথে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করে। গত বছর একই ইউনিয়নের বাজনাখাল গ্রামে পারিবারিকভাবে তার বিয়ে হয়। সেখান থেকে সম্প্রতি তালাকপ্রাপ্ত হয় সে।
সফিউল্ল্যার স্ত্রী সালমা আক্তার বলেন, কয়েকদিন ধরে আমাদের বসতঘরে ঘুমায় তানিয়া। আজ সকালে সে ঘুম থেকে উঠে তাদের ঘরে চলে যাওয়ার পর, আবার কখন সে আমাদের ঘরে এসে রুমের দরজা আটকিয়ে দেয়। কিছুক্ষন পর আমি রুমের দরজা বন্ধ দেখে জানালা দিয়ে তাকিয়ে দেখি তানিয়া জানালার সাথে ঝুলে রয়েছে।
কিশোরীর বোন জান্নাত আক্তার জানান, তার বোন কি কারণে আত্মহত্যা করেছে তা জানা নেই। এ দিন সকালে সালমার আক্তারের ডাক-চিৎকার শুনে বাড়ীর লোকজন এসে তাদের রুমের দরজা ভেঙ্গে তানিয়ার ঝুলন্ত মৃতদেহ জানালা থেকে নামিয়ে খাটে রাখে।
হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক মো. হারুন-অর রশিদ বলেন, প্রাথমিকভাবে আত্মহননের বিষয়টির আলামত সংগ্রহ এবং সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে।
ওসি মোহাম্মদ হারুনুর রশিদ জানান, তানিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে এবং তদন্তসাপেক্ষে পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
১৪ নভেম্বর, ২০২১।
