প্রথম দিনের খেলায় পৌর একাদশের ৪-০ গোলে জয়
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার (১০ জুন) বিকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল ও কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে টেলিকনফারেন্সে খেলার উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
তিনি তার বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্রীড়া প্রতি মনোযোগি। তিনি বিভিন্ন টুর্নামেন্টের মাধ্যমে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীসহ শিশু ও কিশোরদের খেলাধূলার সুযোগ করে দিচ্ছেন। যার ফলে আজকে (শনিবার) অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্টের উদ্বোধন করা হচ্ছে। আমি বিশ^াস করি, আমাদের ছেলে-মেয়েরা একদিন জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে খেলবে।
মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা প্রয়োজন। কারণ, সুস্থ দেহ, সুস্থ মনে। আর সুস্থ দেহ ও সুস্থ মনের প্রধান মাধ্যম হচ্ছে খেলাধূলা। তাই শিক্ষার্থীসহ শিশু ও কিশোরদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণ করতে হবে। এজন্য সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, প্রতিষ্ঠান ও সংগঠন নিয়মিত খেলাধুলার আয়োজন করতে পারে। এতে ভবিষ্যতের জন্য ভালো কিছু বয়ে আনবে।
বক্তব্যের পর প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে, শান্তির প্রতীক পায়রা (কবুতর) উড়িয়ে এবং ট্রফি উন্মোচন করে খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এরপর প্রথম দিনের উদ্বোধনী খেলায় হাজীগঞ্জ পৌরসভা একাদশ ৪-০ গোলে হাটিলা পশ্চিম ইউনিয়ন একাদশ হারিয়ে জয়লাভ করে।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন সোহেলের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান হাজীগঞ্জ জসিম উদ্দিন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ মোহাম্মদ জাহিদুল আযহার আলম বেপারী, কাউন্সিলর কাজী মনির হোসেন, হাজী কবির হোসেন কাজী, সুমন তপাদার, মাইনুদ্দিন মিয়াজী, সাদেকুজ্জামান, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, মানিক হোসেন প্রধানীয়া, গোলাম মোস্তফা স্বপন, মো. নুরুল আমিন, একেএম মজিবুর রহমান, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারীসহ অন্যান জনপ্রতিনিধি, পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও কয়েক শতাধিক দর্শক।
উল্লেখ্য, উপজেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুর্ধ্ব- ১৭ এর খেলায় উপজেলার ১২টি ইউনিয়ন ও পৌরসভাসহ মোট ১৩টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে বিজয়ী ৮টি দল কোয়ার্টার ফাইনাল ও ৪টি দল সেমিফাইনাল সবশেষ ২টি দল ফাইনাল খেলবে। ফাইনাল খেলায় বিজয়ী দল উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে অংশগ্রহণ করবে।
১১ জুন, ২০২৩।
