বাবাহারা অবুঝ ৩ শিশু সন্তানের কি হবে?
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের জনতা বাজারে বার্নিশ (কাঠের রং) মিস্ত্রি মো. ইমনকে (২৫) পিটিয়ে হত্যার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দিবাগত রাতে রাজারগাঁও ইউনিয়ন থেকে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়। আটকদের নাম তদন্তের স্বার্থে প্রকাশ করেনি পুলিশ। শনিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ।
এর আগে শুক্রবার সন্ধ্যায় রাজারগাঁও ইউনিয়ন থেকে সিএনজিচালিত স্কুটার (সিএনজি) যোগে ১৫/২০ জনের একদল যুবক বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এসে ইমনের উপর অতর্কিত হামলা চালায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইমন বাকিলা ইউনিয়নের লোধপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে।
জানা গেছে, গত বুধবার রাতে মাহফিলে জিলানী আর সৈকত নামের দুই যুবকের হাতাহাতির ঘটনা ঘটে। সেই ঘটনার বিরোধ মিটিয়ে দিতে এগিয়ে আসে ইমন। এতে ক্ষুব্ধ হন জিলানী। সে ইমনকে শায়েস্তা করতে ১৫/২০ জনের স্থানীয় একদল যুবককে ভাড়া করে। পরে শুক্রবার সন্ধ্যায় রাজারগাঁও থেকে ৪টি সিএনজিযোগে ভাড়াকৃত যুবকরা বাকিলা ইউনিয়নের জনতা বাজারে এসে ইমনকে বেধড়ক পিটিয়ে আহত করে।
স্থানীয়রা কিছু বুঝে ওঠার আগেই ওই যুবকরা ইমনকে পিটিয়ে গুরুতর আহত করে চলে যায়। এরপরই পরিবারের লোকজন ও স্থানীয়রা ইমনকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঞ্চজ কুমার দে ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় পর শুক্রবার রাতেই পুলিশ রাজারগাঁও ইউনিয়ন থেকে ইমন হত্যায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে আটকদের নাম প্রকাশ করা না হলেও রাজারগাঁও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক কেএম ফয়েজ বাবুকে আটকের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
এ বিষয়ে বাকিলা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য কালা মানিক ও বর্তমান ইউপি সদস্য দুলাল তালুকদার সংবাদকর্মীদের জানান, বাজারের একটি দোকানের সিসি ক্যামেরা ফুটেজে দেখা যায়, ৪টি সিএনজি করে ১৫/২০ জনের একদল যুবক দেশীয় কাঠের ধামাসহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে রাজারগাঁও থেকে জনতা বাজরে প্রবেশ করে।
এসময় ইমন (হত্যার শিকার) বাজারের কামরুলের ফার্নিচারের দোকানে সামনে দাঁড়িয়ে কথা বলছিলেন। তাৎক্ষনিক ইমন বিষযটি বুঝতে পেরে দৌঁড়ে বাজারের পাশে বকাউল বাড়ির দিকে চলে যায়। পিছনে দিয়ে ওই যুবকেরা দৌঁড়ে গিয়ে বকাউল বাড়ির বাগানের ভিতরে ইমনকে ধরে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।
কালা মানিক আরো জানান, গত ২১ ফেব্রুয়ারি পূর্ব রাজারগাঁও বেপারী বাড়িতে অনুষ্ঠিত ওয়াজ মাহফিলে লোধপাড়া তালুকদার বাড়ির বাচ্চু মিয়ার ছেলে সৈকত তালুকদারের সাথে রাজারগাঁও পঞ্চায়েত বেপারী বাড়ির আক্তারের ছেলে জিলানী কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। সেখানেই জিলানী ও সৈকতকে নিবৃত করেন ইমন। এতে জিলানী ক্ষুব্ধ হয়ে ইমনকে শিক্ষা দিতে ১৫/২০ জনের একদল যুবককে ভাড়া করেন।
তিনি জানান, ভাড়া করা ওই যুবকরাই জনতা বাজারে এসে ইমনকে পিটিয়ে হত্যা করে। যারা ভাড়ায় এসেছে, তাদের মধ্যে আমরা রাজারগাঁওয়ের তারেক আর রাসেলকে চিনতে পেরেছি।
হত্যাকান্ডের শিকার ইমনের চাচাতো ভাই ফরহাদ জানান, ইমনের তিনটি শিশু সন্তান রয়েছে। এর মধ্যে দুই সন্তান নবজাতক। কিছুদিন আগে তার স্ত্রী দুই সন্তানের জন্ম দেয়। ইমন বার্নিশ মিস্ত্রি হিসেবে কাজ করতো। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তার (ইমন) মৃত্যুতে অবুঝ তিনটি সন্তান এতিম হয়ে গেছে। এই বাচ্চাদের কি হবে?
জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ জানান, নিহত ইমনের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, সিসিটিভির ফুটেজ ও বিভিন্ন তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণসহ আমরা কাজ করছি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে জানান, জনতা বাজারের একটি চা দোকানের ক্লোজ সার্কিট ক্যামেরার (সিসিটিভি) ফুটেজ আমাদের হাতে এসেছে। বিষয়টি আমরা গভীরভাবে দেখছি।
২৫ ফেব্রুয়ারি, ২০২৪।
