হাজীগঞ্জে বাস-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ১৫

স্টাফ রিপোর্টার
হাজীগঞ্জ উপজেলায় আল-আরাফাহ পরিবহনের একটি বাস ও মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষের ঘটনায় কমপক্ষে শিশুসহ ১৫ জন গুরুতর আহত হয়েছে। এদের মধ্যে ৫ জনকে তাৎক্ষণিক হাজীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ। রোববার (২০ জুন) দুপুরে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ বারেকের ব্রিজের কাছে হাটখোলা বাড়ি সংলগ্নে এই সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসের যাত্রীদের মধ্যে কমপক্ষে ১০ জন আহত হলে তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে চেড়ে দেওয়া হয়েছে। বাসে থাকা অন্য যাত্রীরা ও সবাই কম-বেশি আহত হয়েছে। আর আল-আরাফাহ বাসটি ছিল ঢাকামুখী। সে বাসের কমপক্ষে ৭জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৫জনকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, আহতরা ৪জন একই পরিবারের বলে জানা গেছে। তারা সবাই রামগঞ্জ উপজেলার চন্দ্রাপুর এলাকার বাসিন্দা। এরা সবাই আল-আরাফাহ বাসটির যাত্রী ছিল। এরা ঢাকা যাচ্ছিল। হাসপাতালে ভর্তিকৃতরা হলো- শিশু মাহি (৫), ইব্রাহীম (৩৩), সুমাইয়া (২৮), মোহাস (১০)। এছাড়া আহত দিদার হোসেনের বাড়ি গৌরীপুর এলাকায় বলে জানা গেছে।
স্থানীয়রা আহতদের ঘটনাস্থল থেকে তাৎক্ষণিক উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তারা এখন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ জানান, ঘটনার পর পর থানার পুলিশ অফিসার ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজে সহায়তা করেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। গুরুতর আহতরা হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। আমরা তাদের খোঁজ-খবর রাখছি।

২১ জুন, ২০২১।