মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিআরটিসি ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হয়েছেন ৪ জন। শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে হাজীগঞ্জ
পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের রানির বাজার এলাকায় হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হাজীগঞ্জ বাজারমুখী বিটিআরসি পরিবহনের যাত্রীবাহী একটি বাস ও রামগঞ্জমুখী কোমল পানীয় ক্লেমন কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের সামনের অংশ দুমড়ে-মুছড়ে যায়।
আহতরা হলেন- বিআরটিসি পরিবহনের চালক কুমিল্লা জেলার দক্ষিণ থানার লক্ষ্মীপুর গ্রামের কাজী আবুল হোসেনের ছেলে এমরান হোসেন (২৬), চাঁদপুর জেলার সদর থানার আশকাটি গ্রামের শহীদুল্লাহ্ গাজীর ছেলে বাপ্পী (২৪), কিশোরগঞ্জ জেলার কাজীহাটি গ্রামের হাবিবুর রহমানের ছেলে মহিবুর রহমান (২৭) ও গোপালগঞ্জ জেলার কোটালি পাড়া গ্রামের মৃত সায়েম ফকিরের ছেলে বাবু (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকাল আনুমানিক ৯টার দিকে রামগঞ্জ থেকে হাজীগঞ্জ বাজারমুখী যাত্রীবাহী বিআরটিসি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্টো-ব ১৫-৫৫০৮) এবং হাজীগঞ্জ থকে রামগঞ্জমুখী কোমল পানীয় ক্লেমন কোম্পানীর একটি কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্টো-উ ১৪-৩০৪০) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইটি পরিবহনের চালকসহ চারজন গুরুতর আহত হয়।
পরে স্থানীয় ও এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে সড়কের দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে দুর্ঘটনা কবলিত দুইটি পরিবহনের থেকে সরিয়ে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ তানভীর হাসান বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এর মধ্যে বাবু নামের একজনের হাড় ভেঙ্গেছে। উন্নত চিকিৎসার জন্য তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেপার করা হয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টিকে সড়কের এক পাশে নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
০৭ ফেব্রুয়ারি, ২০২১।
