মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাকিব হোসেন মিয়াজী (১৭) নামের একাদশ শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী মারা গেছে। শুক্রবার (২০ মে) বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।
নিহত মো. রাকিব হোসেন মিয়াজী ওই ইউনিয়নের কাজিরখিল গ্রামের মিয়াজী বাড়ির মো. মিজানুর রহমানের একমাত্র ছেলে। সে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। সে তার বাবার সাথে ওই ইউনিয়নের বেলচোঁ বাজারের ইলেক্ট্রিক দোকান দেখাশোনা করতো।
জানা গেছে, ৩ মাস আগে বিদ্যুতের আলো ব্যবহার করে বন্ধুদের নিয়ে প্রতিদিন রাতে (শীতকাল) বেলচোঁ উচ্চ বিদ্যালয় মাঠে ব্যাডমিন্টন খেলতো রাকিব হোসেন। কিন্তু গ্রীষ্মকাল চলে আসায় ব্যাডমিন্ট খেলা বন্ধ হয়ে যায়। তাই এ দিন বিকালে বিদ্যুতের তার খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।
এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এরপর এ্যাম্বুলেন্সযোগে কুমিল্লায় নেওয়ার পথে রাকিব হোসেন মারা যায়।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং লিখিত আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়া নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
২০ মে, ২০২২।
