মোহাম্মদ হাবীব উল্যাহ্
বিনম্র শ্রদ্ধা আর যথাযোগ্য মর্যাদায় হাজীগঞ্জে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সরকারি ও বেসরকারিভাবে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গত সোমবার রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রিয় শহীদ মিনারের বেদীতে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তমের পক্ষে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়।
একই সময়ে এবং অমর একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভাসহ সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠান এবং সর্বস্তরের জনসাধারণ শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ প্রতিষ্ঠানে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে।
এদিন সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন সাংসদ মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দীন। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউড়ির উপস্থাপনায় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ প্রমুখ।
উপজেলা পরিষদ মিলনাতয়নে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
২৩ ফেব্রুয়ারি, ২০২২।
