হাজীগঞ্জে বিলুপ্তির পথে খেজুর গাছ ও রস

মোহাম্মদ হাবীব উল্যাহ্
এক সময় গ্রামের মাঠে আর মেঠো-পথের ধারে সারি সারি খেজুর গাছ দাঁড়িয়ে থাকতো। এতে দৃষ্টিনন্দন ও সৌন্দর্য্যবর্ধনের পাশাপাশি শীতকালে খেজুরের রস সংগ্রহ ও রসের তৈরি পিঠা-পায়েস, গুড় আর মুরি-মুড়কিতে উৎসব আনন্দে ভরে উঠতো গ্রামাঞ্চলের প্রতিটি বাড়ি-ঘর। কিন্তু কালের আবর্তে হারিয়ে যাচ্ছে সেই দিনগুলো। অনেকটা বিলুপ্তির পথে সেই খেজুর গাছ ও খেজুরের রস।
এর কারণ হিসেবে স্থানীয়রা প্রাকৃতিক কারণ, জ্বালানির জন্য নির্বিচারে গাছ কাটা, গ্রামীণ রাস্তা প্রস্তস্থকরণ, আবাদি জমি এবং রাস্তার পাশে বসতভিটা ও দোকানঘর নির্মাণ, আবার এখনো যে কটি গাছ রয়েছে, তার রক্ষণাবেক্ষণ, গাছি না পাওয়া, গাছ থেকে রস চুরি করে নিয়ে যাওয়ার কারণেও অনেকে খেজুর গাছ কেটে অন্য গাছ রোপণ ও নতুন করে খেজুর গাছের চারা রোপণ না করাকে দায়ী করছেন।
সম্প্রতি উপজেলার বিভিন্ন অঞ্চল ঘুরে দেখা গেছে, প্রত্যন্ত অঞ্চলে গ্রামের মাঠে আর মেঠোপথের ধারে এখনো কিছু গাছ দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে। এর মধ্যে রাজারগাঁও, বাকিলা, কালচোঁ উত্তর, কালচোঁ দক্ষিণ, বড়কুল পূর্ব, বড়কুল পশ্চিম, হাটিলা পূর্ব, হাটিলা পশ্চিম, গন্ধর্ব্যপুর উত্তর, গর্ন্ধব্যপুর দক্ষিণ ইউনিয়ন দ্বাদশগ্রাম ইউনিয়নে কিছু কিছু রয়েছে। তবে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও পৌর এলাকায় নেই বললেই চলে।
স্থানীয়রা জানান, গাছের সংখ্যা অনেক কমে গেছে। তারপরও যে কয়টা গাছ রয়েছে, তার মধ্যে কিছু গাছের পরিচর্যা করে হারিয়ে যাওয়া ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে অনেকে। দেখা গেছে, যে কয়টা গাছ আছে তার মধ্যে কিছু গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা হয়েছে। কিছু গাছ পরিচর্যাহীন অবস্থায় পড়ে আছে। আবার গাছির অভাবে কিছু গাছ রস সংগ্রহের জন্য প্রস্তুত করা যায়নি।
দ্বাদশগ্রাম ইউনিয়নের আবুল কালাম নামের সত্তরোর্ধ্ব একজন বৃদ্ধ বলেন, কাঁচা রসের পায়েস খাওয়ার কথা এখনো মনে পড়ে। আমাদের নাতি-নাতনীরা তো আর সেই খেজুরের রস, রসের তৈরি গুড়, পিঠা-পুলি ও পায়েস, দুধ-চিতই খেতেই পায় না। তারপরও বছরে অন্তত একবার হলেও রসের তৈরি পায়েস রান্নার চেষ্টা করি।
পৌরসভাধীন টোরাগড় গ্রামের ষাটোর্ধ্ব আনোয়ার হোসেন আনু জানান, এক সময় এক হাড়ি খেজুর রস কিনতাম ২০ টাকা দিয়ে। ৫/৭ বছর আগেও ২০০ টাকা দিয়ে কিনেছি। কিন্তু এখন খেজুর গাছ না থাকায় সে রসের দাম বেড়ে ৬০০ টাকা হয়েছে।
বাকিলা ইউনিয়নের দিঘই গ্রামের গাছি মো. সফি উল্যাহ জানান, আশ-পাশে গ্রামের গাছগুলো রসের জন্য তিনিই প্রস্তুত করে থাকেন। বিনিময়ে একদিন পর-পর তিনি ও গাছের মালিক পক্ষ রস নিয়ে থাকেন। অর্থাৎ মাসের পনের দিন রস তিনি নেন এবং পনের দিন গাছের মালিক পক্ষ নিয়ে থাকেন। তিনি বলেন, এক হাঁড়ি রস ৬শ’ টাকা বিক্রি হয়। আর এক হাঁড়িতে ৫ লিটার রস থাকে বলে তিনি জানান।

১৬ ডিসেম্বর, ২০২১।