নিজস্ব প্রতিনিধি
হাজীগঞ্জে পূর্ব বিরোধের জেরে আব্দুল মালেক (৪৫) নামের একজন ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি এবং তার মালামাল ভাংচুরের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী ব্যবসায়ী। শুক্রবার সন্ধ্যায় তিনি থানায় উপস্থিত হয়ে ৪জনকে বিবাদী করে এই অভিযোগ দায়ের করেন।
এর আগে এ দিন দুুপুরে উপজেলার বাকিলা ইউনিয়নের বাখরপাড়া গ্রামের নোয়া বাড়ির উত্তর-পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। অভিযোগের বিবাদীরা হলেন- উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামের সাইফুল ইসলাম (৪৫), সাহাব উদ্দিন (২৩), সজিব (২০) ও যোবায়ের (২১)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুল মালেক তার নিজস্ব সম্পত্তির এক স্থান থেকে অন্য স্থানে মাটি উত্তোলন করেন। পূর্ব বিরোধের জেরে বিবাদীরা শুক্রবার দুপুরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মাটি উত্তোলনে ব্যবহৃত প্রায় ২৬০ ফুট পাইপ ভাংচুর করে আনুমানিক ৫০/৬০ হাজার টাকার ক্ষতি করে।
এ সময় তিনি প্রতিবাদ করলে তাকে গালমন্দসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে প্রাণনাশের হুমকি এবং ভয়ভীতি প্রদর্শন করে। পরবর্তীতে তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান এবং সন্ধ্যায় থানায় লিখিত অভিযোগ করেন।
এ ব্যাপারে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, তদন্তপূর্বক ব্যবস্থাগ্রহণ করা হবে।
