হাজীগঞ্জে ভ্যানগাড়ি থেকে ২০ কেজি গাঁজা জব্দ, আটক ১

কৌশল করেও পুলিশের চোখ ফাঁকি দিতে পারলো না মাদক কারবারি

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে খোলা ভ্যানগাড়িতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২০ কেজি গাঁজাসহ মো. মনির হোসেন সাগর (২৩) নামের কুমিল্লার এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকা থেকে গাঁজা ও ভ্যানগাড়িটি জব্দসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক মাদক কারবারি মো. মনির হোসেন সাগর কুমিল্লা জেলার চান্দিনা থানার মোহনপুর ইউনিয়নের কংগাই গ্রামের মো. আব্দুল হকের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (শুক্রবার) তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের সাইনবোর্ড এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযানে পরিচালনা করেন হাজীগঞ্জ থানার এসআই মোহাম্মদ আব্দুল আজিজ। এসময় কুমিল্লা থেকে আসা হাজীগঞ্জমুখী সন্দেহজনক একটি ভ্যানগাড়ি তল্লাশি করে ২০ কেজি গাঁজা জব্দসহ একজনকে আটক করা হয়।
এসআই মোহাম্মদ আব্দুল আজিজ জানান, পুলিশের চোখ ফাঁকি দিতে ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করে মাদক কারবারিরা। এতোদিন বাস, সিএনজিচালিত স্কুটার ও অটোরিক্সা থেকে গাঁজা জব্দ করা হলেও এবার ভ্যানগাড়ি থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয়েছে। তিনি বলেন, ভ্যানগাড়ির বডির নিচে আলাদা বক্স করে এবং সেই বক্সে গাঁজা রাখা হচ্ছে। যাতে কেউ সন্দেহ না করে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স। তাই তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি এবং তথ্য দাতার নাম গোপন রাখার নিশ্চয়তা দেন।
উল্লেখ্য, গত সপ্তাহে পৃথক অভিযানে ৫ কেজি গাঁজাসহ একজন ও ৮ কেজিসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

২৬ মে, ২০২৩।