হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের সকাল-বিকাল অভিযান

১৬,৩০০ টাকা জরিমানা

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউন কার্যকরে সকাল-বিকাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মহামারি করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে লোকজনকে ঘরমুখো করতে প্রশাসনের এই প্রাণবন্ত চেষ্টা। শুক্রবার (১৫ মে) বিকালে হাজীগঞ্জ বাজারে লকডাউন অমান্য করায় ৫ দোকানীকে নগদ ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম।
এদিন সকালেও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা হোসেনের হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৮০০ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতে আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করে হাজীগঞ্জ থানা পুলিশ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে লকডাউন মেনে চলার নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
এর আগে বৃহস্পতিবার সকালে হাজীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুন্নাহার শম্পা। তিনি লকডাউন অমান্য করার অপরাধে ৭ দোকানীকে নগদ ১৮ হাজার টাকা জরিমানা করেন।
এবং একই দিন বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোরশেদুল ইসলাম। তিনিও লকডাউন অমান্য করার অপরাধে ৬ দোকানীকে নগদ ৫ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
এদিকে প্রশাসন ও পুলিশের নিয়মিত অভিযানেও সচেতন হচ্ছে না হাজীগঞ্জবাসী। খোলা রয়েছে বিপণী বিতান, মার্কেট ও দোকানপাটসহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। চলছে রিকশা, অটোরিকশাসহ প্রায় সব ধরনের যানবাহন। হচ্ছে জনসমাগম।

১৬ মে, ২০২০।