হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পেঁয়াজের দামে নড়াচড়া

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে পেঁয়াজের দাম স্থিতিশীল রাখতে এবং অসাধু ব্যবসায়ীদের মূল্যবৃদ্ধি রোধে হাজীগঞ্জ বাজারের পাইকারি দোকান ও পেঁয়াজের আড়তে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এতে পেঁয়াজের দাম খুচরা পর্যায়ে ৫০-৬০ টাকায় নেমে এসেছে। যা এক দিন আগেও ৭০-৮০ টাকায় বিক্রি করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ু–য়া।
এ সময় অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজ বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় তিনটি মামলায় দুইটি আড়ৎ ও একটি দোকান মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয় এবং নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পিঁয়াজ বিক্রি করে, পিঁয়াজের বাজার অস্থিতিশীল না করা হয় সে ব্যাপারে আড়তদার ও দোকানীদের কঠোরভাবে সতর্ক করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অতিরিক্ত দামে পাইকারী ও খুচরা বাজারে পিঁয়াজের বিক্রির কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর আওতায় মেসার্স কাদের এন্ড সন্সকে নগদ ১০ হাজার টাকা, মেসার্স আ. রহিম মিয়াকে ১০ হাজার টাকা ও মেসার্স জয়রাম ভান্ডারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় জরিমানা প্রাপ্তসহ অন্যান্য আড়ৎ ও ব্যবসায়ীদের বিভিন্ন নির্দেশনা প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া সংবাদকর্মীদের বলেন, পেঁয়াজসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার স্থিতিশীল রাখতে এই মনিটরিং ও অভিযান অব্যাহত থাকবে।
এদিকে পেঁয়াজসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং বাজারকে অস্থিতিশীল করার পেছনে ক্রেতাদের দ্বায় রয়েছে বলে জানিয়েছেন সচেতনমহল। কারণ হিসেবে তারা উল্লেখ করে বলেন, বাস্তবে হোক বা গুজবেই হোক, কোন পন্যের মূল্য বৃদ্ধির খবর প্রকাশ হওয়া মাত্রই দোকানগুলোতে হুমড়ি খেয়ে পড়েন সাধারণ ক্রেতারা। দাম বৃদ্ধির আশংকায় এবং মজুদ করার উদ্দেশ্যে প্রয়োজনের অতিরিক্ত পন্য ক্রয় করে থাকেন।
এই অতিরিক্ত পন্য ক্রয় করার কারণে বাজারে দাম বৃদ্ধিকৃত পন্যের সংকট দেখা দেয়। যার ফলে পন্যের যোগানের চেয়ে চাহিদা বেশি থাকায় এমনিতে মূল্য বেড়ে যায়। আবার এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরাও মূল্যবৃদ্ধি করে দেন। তাই সবার আগে ক্রেতাদের সচেতন ও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন সচেতনমহল এবং প্রয়োজনের অতিরিক্ত পন্য ক্রয় না করার অনুরোধ জানান তারা।
১৭ সেপ্টেম্বর, ২০২০।