ইসলামীয়া লাইব্রেরী থেকে জামায়াতে ইসলামের বিপুল বই জব্দ
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জের বড়কুল পশ্চিম ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারস্থ রামচন্দ্রপুর কাসেমিয়া সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে জামায়াতে ইসলামীর দলীয় প্রচারণার জন্য বই বিতরণ করা হয়েছে। মাদরাসার শিক্ষক মো. মিজানুর রহমানের বিরুদ্ধে রোববার (২৯ অক্টোবর) সকালে শ্রেণিকক্ষে এই বিতরণের অভিযোগ ওঠে।
মো. মিজানুর রহমান নিষিদ্ধ রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত বলে স্থানীয়রা জানান। তিনি দীর্ঘ ২২ বছর যাবৎ ওই মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মরত আছেন। তিনি চাঁদপুর সদর উপজেলার কামরাঙ্গা গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানা পুলিশ বিষয়টি জানতে পেরে ওসি মুহাম্মদ আব্দুর রশিদ মাদরাসায় উপস্থিত হয়ে বইগুলো জব্দ করেন এবং অধ্যক্ষ মোহাম্মদ শামসুদ্দিনসহ জব্দকৃত বইগুলোসহ ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিকের কাছে যান।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গির আলম ও হাজীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। পরে ওই শিক্ষক ও অধ্যক্ষের দেওয়া তথ্যমতে হাজীগঞ্জ বাজারস্থ রজনীগন্ধা মার্কেটে ইসলামীয়া লাইব্রেরি থেকে জামায়াত ইসলামি সংশ্লিষ্ট প্রায় ৫শ’ পিস বই জব্দ করা হয়।
এর মধ্যে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা সাইয়েদ আবুল আ’লা মওদূদীর লেখা ইসলামী আন্দোলনের প্রাথমিক পুঁজি, নামাজ-রোজার হাকিকত, জামায়াতে ইসলামের গঠনতন্ত্রসহ অন্যান্য বই জব্দ করা হয়।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষকের অপকর্মের জন্য তিনি নিজে দায়ী থাকবেন এবং ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যা করণীয়, ওনারা তাই করবেন।
মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও বড়কুল পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেমের সাথে সংবাদকর্মীদের কথা হলে তিনি জানান, জামায়াতে ইসলাম নিষিদ্ধ সংগঠন। এই শিক্ষক প্রতিষ্ঠানে কিভাবে শিক্ষার্থীদের হাতে বই বিতরণ করলো, এর কঠিন শাস্তি হবে।
জামায়াত ইসলামী সংশ্লিষ্ট বই জব্দের বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ।
৩০ অক্টোবর, ২০২৩।
