হাজীগঞ্জে মার্কিন সিনেটরকে সংবর্ধনা

বড় হতে হলে সততার সাথে পরিশ্রম করতে হবে
……মার্কিন সিনেটর মো. মাসুদুর রহমান

মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর, হাজীগঞ্জ উপজেলার কৃতীসন্তান মো. মাসুদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহসান হাবিবের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মো. মাসুদুর রহমান। তিনি বলেন, বড় হতে হলে সততা থাকতে হবে এবং হার্ডওয়ার্ক (পরিশ্রম) করতে হবে। এ জন্য কষ্ট করতে হবে। সমাজের সাথে থেকে অবহেলিত, অসহায় মানুষের কল্যাণের জন্য কাজ করতে হবে।
নিজের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ২৫ বছর আগে আমি আমেরিকা গিয়েছি। যাওয়ার সময় অনেক টাকা নিয়ে যাইনি। শুধুমাত্র থাকা-খাওয়ার জন্য সামান্য কিছু টাকা নিয়ে গেছি। সেখানে গিয়ে সততার মধ্য থেকে কষ্ট করেছি। কমিউনিটিতে মানুষের কল্যাণে কাজ করেছি। কষ্ট আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছে। এ সময় তিনি এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
এসময় আরো বক্তব্য রাখেন বড়কুল পূর্ব ইউপির চেয়ারম্যান মজিবুর রহমান মজিব, সংবর্ধিত অতিথির বড় ভাই ও বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার সহ-সভাপতি লোকমান হোসেন দুলাল, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. দুলাল মিয়াজী, প্রধান শিক্ষক মো. শরীফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
শিক্ষক জান্নাতুল বাকির পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. নূরুন্নবী, অহিদুল ইসলাম মোহন, শহীদুল্লাহ আলফু জয়দেব পাল, শিক্ষক মানিক চন্দ্র শীলসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বেলা ৩টায় বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন মার্কিন সিনেটর মো. মাসুদুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামের বাসিন্দা।

২৭ ফেব্রুয়ারি, ২০২৩।