হাজীগঞ্জে মাস্ক পরিধান না করায় ১৭ জনকে অর্থদণ্ড

 

এ পর্যন্ত ৪২ জনকে মোট ৭,৭৬০ টাকা জরিমানা

প্রশাসন ও বিভিন্ন অফিসের কঠোরতায় মাস্কের ব্যবহার বেড়েছে

মোহাম্মাদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে করোনাভাইরাস প্রতিরোধে জনসাধারণের মাস্ক পরিধান নিশ্চিতকরণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে আলীগঞ্জ বাজারে মাস্ক না পরায় ১৭ জনকে মোট ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া।
মাস্ক পরিধান না করায় ভ্রাম্যমাণ আদালত আজসহ এই পর্যন্ত তিনবারে ৪২ জনকে মোট ৭ হাজার ৭শ’ ৬০ টাকা জরিমানা করেন। গত ১২ নভেম্বর হাজীগঞ্জ বাজারে ১৫ জনকে নগদ ৩ হাজার টাকা এবং ১০ নভেম্বর রামপুর বাজারে ১০ জনকে ১ হাজার ৬শ’ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকারি আইন না মানায় (মাস্ক না পরায়) ২০১৮ সালের সংক্রমণ আইনে পৌরসভাধীন আলীগঞ্জ বাজারে আসা ১৭ জন পথচারীকে নগদ ৩ হাজার ১শ’ ৬০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বৈশাখী বড়ুয়া।
এ সময় উপস্থিত সবাইকে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান এবং করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্বসহ নিশ্চিতকরণসহ স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানা পুলিশসহ জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া জানান, করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ প্রতিরোধে মাস্ক পরার ক্ষেত্রে সরকারের কঠোর নির্দেশনা থাকলেও অধিকাংশ মানুষই তা মানছেন না।
তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানকালীন সময়ে দেখা যায় রাস্তাঘাট, মার্কেট ও গুরুত্বপূর্ণ স্থানে মানুষ মাস্ক না পরেই চলাফেরা করছেন। তাই যারা মাস্কবিহীন চলাফেরা করছে তাদের আইনের আওতায় নিয়ে জরিমানা করা হয়েছে।
এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান এবং উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ পৌরসভা, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ সহ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিসে কঠোর নির্দেশনার কারণে মাস্কের ব্যবহার বেড়েছে। তবে গ্রামাঞ্চলের বাজার ও পাড়া-মহল্লার দোকানে এখনো মাস্কের ব্যবহার তেমন একটা নেই বললেই চলে।
১৮ নভেম্বর, ২০২০।