মোহাম্মদ হাবীব উল্যাহ্
করোনাভাইরাসের বিস্তার রোধে হাজীগঞ্জে লকডাউন না মানায় ৫ মামলায় ৪ হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে জনসচেতনতার লক্ষ্যে হাজীগঞ্জ বাজার ও উপজেলা বড়কুল পশ্চিম ইউনিয়নের রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন না মানায় ৫ জন ব্যবসায়ীকে এই জরিমানা করেন তিনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশনা মোতাবেক এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও রামচন্দ্রপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। এ সময় তিনি লকডাউনের বিধি-নিষেধ মানায় ৫টি মামলায় ৫ জনকে নগদ ৪,১০০ টাকা জরিমানা করেন।
জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। তিনি বলেন, সরকারের নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন এবং অপরকেও সুস্থ থাকতে সহযোগিতা করুন।
এসময় পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয় এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্ক করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিল, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ অন্যান্য সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২৫ এপ্রিল, ২০২১।
