মোহাম্মদ হাবীব উল্যাহ্
সারা দেশের মতো সর্বাত্মক লকডাউনের ১৩তম দিনেও হাজীগঞ্জে কঠোর ছিল প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (১৩ জুলাই) উপজেলার বিভিন্ন স্থানে
অভিযান চালিয়ে ১২ মামলায় ১২ জনকে নগদ ২৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। জেলা প্রশাসনের এই অভিযানে সহযোগিতা করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।
এ দিন করোনা সংক্রমণরোধে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা বাস্তবায়নে ও জনগণকে স্বাস্থবিধি সম্পর্কে সচেতন করার জন্য সারা দিন জেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন। তিনি হাজীগঞ্জ বাজার, বেলচোঁ বাজার, বলাখাল বাজার ও বাকিলা বাজারসহ উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে লকডাউনের বিধি নিষেধ না মানায় ও স্বাস্থ্যবিধি না মানাসহ মাস্ক পরিধান না করায় এই সংবাদ লেখা পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন ১২ মামলায় ১২ জনকে নগদ মোট ২৭ হাজার ৩শ’ টাকা জরিমানা করেন। এসময় ব্যবসায়ী, ক্রেতা ও পথচারীদের লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন তিনি।
এ বিষয়ে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উজ্জল হোসেন বলেন, সরকারি বিধি নিষেধ অমান্য করে হাজীগঞ্জ বাজারের বিজনেস পার্ক মকিমউদ্দিন শপিং সেন্টারের প্রায় সবগুলো দোকান খোলা ছিল। অভিযানে ব্যবসায়ীরা ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অনেকে দোকানের সাঁটার টানিয়ে আবার দোকান খোলা রেখেই অনেকে পালিয়ে যায়।
এ সময় তিনি মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ক্রেতা ও বিক্রেতাসহ সর্বসাধারণকে সরকারি বিধি-নিষেধ এবং মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। এছাড়া জনসচেতনতায় ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
১৪ জুলাই, ২০২১।
