মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ২৮ মামলায় নগদ ৪২,৬০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। গত তিনদিনে উপজেলার হাজীগঞ্জ বাজার, বাকিলা বাজার, রামপুর বাজার ও বেলচোঁ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৮ মামলায় ২৮ জনকে এই নগদ অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের বিস্তার রোধে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের আলোকে ও জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিসের নির্দেশনা মোতাবেক জনসচেনতনতার লক্ষ্যে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ বাজার ও বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার।
এসময় তিনি লকডাউনের বিধি-নিষেধ ও স্বাস্থ্যবিধি না মানায় ১১টি মামলায় ১১ জনকে নগদ ৪,৭০০ টাকা জরিমানা করেন। এর আগের দিন শুক্রবার হাজীগঞ্জ বাজার ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রামপুর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫টি মামলায় ৫ জনকে নগদ ১৬,০০০ টাকা এবং বৃহস্পতিবার ১২টি মামলায় ১২ জনকে নগদ ২১,৯০০টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মোমেনা আক্তার। তিনি বলেন, আসুন আমরা সরকারি নির্দেশনাগুলো মেনে চলি। নিজে সুস্থ থাকি এবং অপরকে সুস্থ থাকতে সহযোগিতা করি। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৮ এপ্রিল, ২০২১।
