মোহাম্মদ হাবীব উল্যাহ্
কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে হাজীগঞ্জে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। ‘জাতির পিতার সম্মান, রাখবো আমরা অম্লান’ শ্লোগান নিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারি ফোরাম’র ব্যানারে শনিবার (১২ ডিসেম্বর) দুপুরে উপজেলা চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে এ দিন দুপুরে উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও মহান মুক্তিযুদ্ধের দেয়ালচিত্র সংবলিত টেরাকোটা ‘মৃত্যুঞ্জয়ী মুজিব চত্বর’ এর সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন, সরকারি সব কর্মকর্তা, চিকিৎসক ও পুলিশসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী। মানববন্ধন শেষে উপজেলা ই-সেন্টারে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সরকারি কর্মকর্তারা।
জাতির পিতার সম্মান অটুট রাখার অঙ্গীকার ব্যক্ত করে সভায় বক্তারা বলেন, গত ৫ ডিসেম্বর কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার যে ঘটনা ঘটেছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা হীন স্বার্থে দেশবিরোধী চক্রান্তে জড়িত, তাদের বিষয়ে সজাগ থাকার আহ্বান জানাই। এ সময় বঙ্গবন্ধুর ভাস্কর্য, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে যথাযথ সম্মান প্রদর্শন করতে দেশের সব নাগরিককে অনুরোধ জানান বক্তারা।
সভায় ইউএনও বৈশাখী বড়ুয়াসহ বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শামসুল আলম পাটওয়ারী, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফয়সাল আহমেদ, থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান মিন্টু, উপজেলা সমবায় কর্মকর্তা মো. গোলামুর রহমান, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও থানার পুলিশসহ প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
১৩ ডিসেম্বর, ২০২০।
