ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে কেউ যেন নাশকতামূলক কাজ করতে না পারে…….জেলা প্রশাসক কামরুল হাসান
মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। সোমবার (১৩ জুন) সকালে অনুষ্ঠিত সভায় তিনি জলাবদ্ধতা নিরসনে হাজীগঞ্জ বাজারের খাল উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে উল্লেখ করে উপস্থিত বিভিন্নজনের বক্তব্যের জবাব ও দিক-নিদের্শনা প্রদান করেন।
তিনি বলেন, সরকারি কোন সম্পত্তি বেহাত হওয়ার কোন সুযোগ নেই। এর মধ্যে সরকারি খাল অন্যতম। যদি আদালতে কোন মামলা বিচারাধীন না থাকে। তাহলে সরকারি খাল বা যে কোন ভূমি উদ্ধারে কোন বাঁধা নেই। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনা দেন তিনি।
এ সময় সাম্প্রতিক ইস্যু নিয়ে জেলা প্রশাসক বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর সহধর্মিণী হযরত আয়েশা সিদ্দিকা (রা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে সারাদেশের মতো চাঁদপুরেও প্রতিবাদ হচ্ছে। যেহেতু আমরা মুসলমান ও আমাদের মুসলিম প্রধান দেশ, সেহেতু প্রতিবাদ হওয়াটাই স্বাভাবিক।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমাদের সতর্ক ও সচেতন থাকতে হবে। স্বাধীনতা ও দেশ বিরোধী, কোন অপশক্তি যেন এই প্রতিবাদকে কেন্দ্র করে উস্কানি ও নাশকতামূলক কার্যক্রম করতে না পারে। কোন তথ্য থাকলে প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করুন। কারণ, অতীতেও দেখা গেছে, সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে একটি গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছে। যদিও তারা সফল হতে পারেনি।
হিন্দু সম্প্রদায়ের একজনের বক্তব্যের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল থেকে নানা জাতি-গোষ্ঠী, ধর্ম ও মতের অনুসারীরা পারস্পরিক সুসম্পর্কের মাধ্যমে ধর্মীয় উৎসবসহ সাম্প্রদায়িক বা আন্তঃধর্মীয় সম্প্রীতির ঐতিহ্য সংহত রেখেছে। কোন অবস্থাতেই এর ব্যতয় ঘটবে না। প্রত্যেক ব্যক্তির ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতকরণে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাইনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা দিলরুবা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আবু তাহের ও উপজেলা সহকারী পরিসংখ্যান কর্মকর্তা মো. কামরুল ইসলাম।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌ. মো. জাকির হোসাইনের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ, মুক্তিযোদ্ধা তকদিল হোসেন, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু, মানিক হোসেন প্রধানীয়া, সংবাদকর্মী মো. হাবিবুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন, মহিউদ্দিন আল আজাদ, পাপ্পু মাহমুদ, গাজী মহিন উদ্দিন ও উপজেলা পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক সুজন দাস প্রমুখ।
উন্মুক্ত এ মতবিনিময় সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, ইউপি চেয়ারম্যান আলহাজ আব্দুল হাদী মিয়া, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, ইউসুফ প্রধানীয়া সুমন, মজিবুর রহমান মজিব, নুরুল আমিন হেলাল, মোস্তফা কামাল মজুমদার, কাজী নুরুল রহমান বেলাল, একেএম মজিবুর রহমান, খোরশেদ আলম বকাউলসহ সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।
১৪ জুন, ২০২২।
