শাস্তি দিয়ে ব্যক্তি বা সমাজকে সংশোধন করা যায় না
………..মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান
হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে সাদ্রা হামীদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসায় শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী, শিক্ষক ও রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণে মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ বিরোধী সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে মাদরাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান।
তিনি তাঁর বক্তব্যে বলেন, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও জঙ্গিবাদ বিষয়ে প্রশাসন জিরো টলারেন্স নীতি অবলম্বন করে। এ ধরনের অপরাধ সংগঠিত হলে বা আশংকা দেখা দিলে সাথে-সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এ ক্ষেত্রে নমনীয়তা বা কাউকে ছাড় দেয়ার সুযোগ নেই। সংশ্লিষ্ট কারো ফোন নম্বর জানা না থাকলে জাতীয় জরুরি নম্বর ‘৯৯৯’ সহ বিভিন্ন বিভাগের নম্বর রয়েছে। সেখানে জানাতে হবে। এসব নম্বর টোল ফ্রি।
তিনি আরো বলেন, তবে মনে রাখতে হবে, শাস্তি দিয়ে কোন ব্যক্তি বা সমাজকে সংশোধন করা যায় না। সংশোধন করতে হলে সচেতন হতে হবে। এজন্য সামাজিক আন্দোলন প্রয়োজন। এ আন্দোলনে সব শ্রেণি-পেশার মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে হবে। আমরা যা কিছু করবো, তা হবে নিজ এবং পরিবারের জন্য। কারণ, আমরা যদি প্রত্যেকের সচেতন হই তাহলে আমার পরিবার সচেতন হবে। আর পরিবার সচেতন হলে অপরাধমুক্ত সমাজ তথা রাষ্ট্র সুন্দর ও সুশৃঙ্খল হবে।
শিক্ষকদের উদ্দেশে মোহাম্মদ আব্দুল্লাহ্ আল মাহমুদ জামান বলেন, সামাজিক ব্যাধী বা অপরাধ নির্মূলে সরকার কাজ করছে। তবে আগামি দিনে অপরাধমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে, ভবিষ্যৎ প্রজন্মকে এখন থেকে গড়ে তোলতে হবে। তাদের প্রচলিত আইন সম্পর্কে অবহিত করার মাধ্যমে আইনের প্রতি শ্রদ্ধাশীল করে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের পাশাপাশি শিক্ষকদের সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া, থানার অফিসার ইনচার্জ মো. আলমগীর হোসেন রনি, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ, সময় টিভি ও কালের কণ্ঠের জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, রামচন্দ্রপুর কাসেমিয়া ছিদ্দিকীয়া ফাজিলা (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাও. মোহাম্মদ শফিকুর রহমান, উপাধ্যক্ষ মাও. শামছুদ্দিন এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত।
মাদরাসা অধ্যক্ষ মো. আবু বকরের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মুসা কলিমুল্লাহ্, রামচন্দ্রপুর ভূঁইয়া একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, রামচন্দ্রপুর আলী আহমাদ ইসলামীয়া একাডেমীর শিক্ষক আবু তাহের, স্থানীয় জামাল উদ্দিন খান, নুরুল আমিন বাচ্চু, আবুল বাশার, জামিল হোসেন লিটন, আবু জাফর প্রমুখ।
মাদরাসা সহকারী অধ্যাপক মাও. মো. আব্দুর রশিদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মো. ইব্রাহিম ও নাতে রাসূল (সা.) পরিবেশন করেন শিক্ষার্থী মিম আক্তার। এ সময় মাদরাসা এবং ওই ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
