দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কৃষি জমির মাটি বিক্রি
মোহাম্মদ হাবীব উল্যাহ
হাজীগঞ্জে রাতের আঁধারে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার অপরাধে নগদ ৫ লাখ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যানের বেড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনি ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০’-এর আলোকে ৫ জনকে এ জরিমানা করেন।
জরিমানাপ্রাপ্তরা হলেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ওই গ্রামের মৃত আলী আজ্জমের ছেলে জলিলুর রহমান মির্জা দুলাল, একই ইউনিয়নের গঙ্গানগর গ্রামের আমির হোসেনের ছেলে শাহাদাত হোসেন, শাহরাস্তি উপজেলার নিজমেহার গ্রামের হাসান আহম্মদের ছেলে রেজাউল করিম, একই উপজেলার রাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মো. মাইনুদ্দিন ও কচুয়া উপজেলার চাঙ্গিনী গ্রামের আব্দুল মালেকের ছেলে মো. শরীফ।
জানা গেছে, হাটিলা পূর্ব ইউনিয়নের দক্ষিণ কৃষি মাঠে সাবেক ইউপি জলিলুর রহমান দুলাল মির্জার বেড়িতে দীর্ঘদিন ধরে রাতের আঁধারে কয়েকটি ভেকু মেশিন দিয়ে অবাধে মাটি কেটে বিক্রি করা হচ্ছে। এমন সংবাদ পেয়ে রোববার দিবাগত রাতে ওই বেড়িতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এসময় ইউএনও’র উপস্থিতি টের পেয়ে ভেকুর মালিকসহ সংশ্লিষ্টরা পালিয়ে যায়।
পরে এদিন রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের জিম্মায় ভেকু মেশিনগুলো দিয়ে আসেন। এরপর সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে সাবেক ইউপি চেয়ারম্যান জলিলুর রহমান মির্জা দুলালকে নগদ ১ লাখ টাকা, ভেকু মেশিনের প্রতিনিধি মো. শরীফকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্টেট।
এসময় অপর তিনটি ভেকু মেশিনের মালিক বা প্রতিনিধি ঘটনাস্থলে উপস্থিত না থাকায় স্থানীয়দের মাধ্যমে তাদের বিকাল পর্যন্ত সময় বেঁধে দেন। এরপর এদিন বিকালে ওই স্থানে তিনটি ভেকুর প্রতিনিধি উপস্থিত হলে তাদের মধ্যে রেজাউল করিমকে নগদ ২ লাখ, মো. মাইনুদ্দিনকে ১ লাখ ও শাহাদাত হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এসময় জরিমানাপ্রাপ্ত সবাইকে সতর্ক করে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, হাটিলা পূর্ব ইউপির চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারসহ স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম জানান, ভেকু দিয়ে কৃষি জমির মাটি বিক্রি করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫ জনের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, কৃষি জমি ধ্বংসের পাশাপাশি মাটি পরিবহনের কারণে গ্রামীণ সড়কগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই সংশ্লিষ্টদের কাছ থেকে জরিমানা আদায় এবং তাদের সতর্ক করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি, ২০২৩।
