হাজীগঞ্জে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে প্রায় সাড়ে ৩ হাজার কৃষককের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (০২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনাতয়নে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়ার সভাপতিত্বে সার ও বীজ বিতরণের আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জুলফিকার আলী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোস্তফা।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আজাদ হোসেনের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে কৃষি পূনর্বাসন কর্মসূচি ২০২০-২১ এর আওতায় হাজীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১২টি ইউনিয়নের ৩ হাজার ৪শ’ ৭০ জন কৃষকের মাঝে সরকারি প্রণোদনার সার ও বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সরকারি প্রণোদনার অংশ হিসেবে চলতি মৌসুমে কৃষকদের মাঝে ১৬ হাজার ৬৫০ কেজি সার এবং বোরো ধান, গম, ভুট্টা, সরিষা, পেঁয়াজ, মরিচ, টমেটো, মুগ, মসুর, খেসারি, সূর্যমুখী ও হাইব্রীড ধানসহ বিভিন্ন ধরনের মোট ৮ হাজার ৮শ’ ৪৮ কেজি বীজ বিতরণ করা হবে।
০৩ ডিসেম্বর, ২০২০।