হাজীগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ নারী আটক

হাজীগঞ্জ ব্যুরো
হাজীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ১৭ কেজি গাঁজাসহ ১ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে (৯ মার্চ) উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের বলিয়া গ্রামের মজুমদার বাড়ির একটি পরিত্যক্ত টয়লেট থেকে গাঁজা জব্দ ও মাফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে আটক করা হয়। তিনি ওই বাড়ির আবুল কালাম কালুর স্ত্রী।
হাজীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার ওসির নির্দেশনায় গত মঙ্গলবার বিকালে ওই গ্রামের মজুমদার বাড়ির আবুল কালাম কালুর বসতঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৭ কেজি গাঁজা জব্দ করে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই বাড়ির শরবত আলীর ছেলে মাদক কারবারি আবুল কালাম কালুসহ ৩/৪ জন লোক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ কালুর স্ত্রী মাফিয়া বেগমকে আটক করে হাজীগঞ্জ থানার এএসআই মিসবাহুল আলম ও আব্দুল আজিজ।
মাদক জব্দের বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জোবাইর সৈয়দ জানান, ১৭ কেজি গাঁজা জব্দ ও এক নারীকে আটকের ঘটনায় মাদক বিরোধী আইনে নিয়মিত মামলা দায়ের এবং পরবর্তীতে তদন্তপূর্বক এর সাথে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, অফিসার ইনচার্জ মোহাম্মদ জোবাইর সৈয়দ গত ২৬ ফেব্রুয়ারি হাজীগঞ্জ থানায় যোগদান করেন। তিনি দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। যার ফলে গত ২ ফেব্রুয়ারি একটি প্রাইভেটকার থেকে ৭ কেজি গাঁজা ও ১৬ বোতল বিদেশী মদসহ ওই প্রাইভেটকারটি জব্দ করেন। যার ধারাবাকিতায় ৯ মার্চ ১৭ কেজি গাঁজা জব্দসহ ১ নারীকে আটক করা হয়।

১০ মার্চ, ২০২২।